সেই সাবেক প্রেমিকার বিয়ে হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমরান
ইমরান

অনেক  প্রথম কে সঙ্গী করেই জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই  প্রথম পাঁচ । আজ এই বিভাগে থাকছেন সংগীতশিল্পী ইমরান

প্রথম প্লেব্যাক

শাকিব খান ও অপু বিশ্বাসের ভালোবাসা লাল গোলাপ সিনেমায় প্রথম প্লেব্যাক করি।  মেঘ যেখানে পাহাড়ে উড়ে যায়  শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলাম। আর প্রথম প্লেব্যাকেই সাবিনা ইয়াসমিন ম্যাডামের সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ পাই। এটা আমার জন্য বিশাল এক পাওয়া। উনি এত বড় একজন শিল্পী। আবার আমি যেই গানের প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে এসেছি, সেটার বিচারকও ছিলেন তিনি। সত্যি বলতে, তাঁর সঙ্গে গান রেকর্ড করতে গিয়ে খুব নার্ভাস লাগছিল। তবে সেই ভয়টা অন্য রকম, কেমন যেন আনন্দ মেশানো ভয়।

প্রথম একক অ্যালবাম

২০১১ সালের ঘটনা। গানের জগতে তখন আমি একেবারেই নতুন। ওই সময় নতুন একজন শিল্পীর প্রথম একক অ্যালবাম বের হলে যেমন অনুভূতি হওয়ার কথা, আমারও তেমনই হয়েছিল। স্বপ্নলোক নামের সেই অ্যালবামে অনেক আন্তরিকতা দিয়ে কাজ করেছিলাম। অ্যালবামের নয়টি গানের মধ্যে তিনটি গানের কম্পোজিশন আমি নিজেই করেছিলাম। বাকি ছয়টি করেছিলেন আরেফিন রুমি ও মাহমুদ সানি।

প্রথম পুরস্কার

ছোটবেলায় অনেক প্রতিযোগিতায় অংশ নিতাম। পুরস্কারও পেতাম। তাই আলাদা করে ঠিক প্রথম পুরস্কার কবে পেয়েছিলাম, সেটা নিশ্চিত হয়ে বলতে পারব না। তবে একটি পুরস্কারের কথা আমার বিশেষভাবে মনে আছে। খুব সম্ভবত ছোটবেলায় আমার পাওয়া সেটিই বড় কোনো পুরস্কার। ক্লাস সেভেনে থাকতে সপ্তসুর একাডেমির আয়োজনে নজরুলসংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। সেখানে প্রথম পুরস্কার হিসেবে একটি মেডেল ও সনদ অর্জন করেছিলাম।

প্রথম কেনা উপহার

আমাদের শৈশব-কৈশোরে ঈদের আনন্দ শুরু হতো রোজার সময় থেকেই। পাড়ায় ছোট ছোট কার্ডের দোকান বসত ঈদ উপলক্ষে। তখন কার্ডগুলোও হতো ছোট আকৃতির, কিন্তু দেখতে খুব সুন্দর। আর ওই বয়সটায় ওই ধরনের জিনিসের প্রতি আমরা খুব আকৃষ্ট হতাম। টিফিন বাঁচানো টাকা দিয়ে বা বড়দের কাছ থেকে টাকা নিয়ে বন্ধুদের জন্য সেসব কার্ড কিনতাম। তাই বলা যেতে পারে ঈদকার্ডই আমার কেনা প্রথম উপহার।

প্রথম প্রেম

প্রথম প্রেম হয়েছিল ক্লাস টেনে থাকতে। আমি তো বয়েজ স্কুলে পড়াশোনা করেছি, তাই সহপাঠীর সঙ্গে প্রেমের কোনো সুযোগ ছিল না। মজার বিষয় হলো, গানই আমাকে প্রথম প্রেমের সুযোগ করে দিয়েছিল। সেই মেয়েটির স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলাম। সেখানেই পরিচয়, তারপর প্রেম। ছোটবেলার প্রেমগুলো যেমন হয় আর কি। কিছুদিন আগে মনে হয়, আমার সেই সাবেক প্রেমিকার অন্য কোথাও বিয়ে হয়ে গেছে। (হাহাহা)।

অনুলিখন: নাদিয়া মাহমুদ