সেই সোনার বাংলা দেখাতে এই দৃশ্যগুলো ধারণ করেছি
জাপানি তরুণ চলচ্চিত্র পরিচালক মিকা সাসাকি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে তৈরি করেছেন প্রামাণ্যচিত্র টেগর সংস। ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি এই ছবি নিয়ে এসেছেন। ছবির কিছু অংশের শুটিংও হয়েছে বাংলাদেশে। কথা হলো তাঁর সঙ্গে।
প্রশ্ন :
এই ছবির আইডিয়া কীভাবে তৈরি হলো?
যখন আমি টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজে পড়ি, তখন আমি বাংলা ভাষা পড়তে শুরু করি। যদিও আমার মেজর ছিল হিন্দি ভাষা। পরে আমি বাংলা ভাষা পড়া শুরু করি। বাংলা ভাষা শেখার আগে আমি জানতাম না যে রবীন্দ্রনাথ শুধু কবিই নন, একজন গীতিকারও। এটা একজন জাপানিজ হিসেবে আমাকে খুবই সারপ্রাইজ দেয় যে তাঁর মতো একজনও নেই, যিনি একাধারে কবি, গীতিকার, সোশ্যালিস্ট, এডুকেটর। সবচেয়ে ইন্টারেস্টিং থিং হলো, বাঙালিরা ঠাকুরের গান অনেক ভালোবাসে। জাতীয় সংগীত তিনি লিখেছেন। আমি যখন আমার বাঙালি বন্ধুদের সঙ্গে মিশলাম। আমি খুবই অবাক হলাম।
প্রশ্ন :
কীভাবে আপনি বাঙালি বন্ধুদের সঙ্গে পরিচিত হলেন?
যখন আমি তৃতীয় বর্ষে পড়ি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম। একজন অধ্যাপকের কাছে এসেছিলাম। তাঁর সঙ্গে জাপানে দেখা হয়েছিল। তারপর তিনি আমাকে বলতেন, ‘বাংলাদেশে এসো।’ আমি বাংলাদেশে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকি। সে সময় আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আমার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুল ইসলামের গান নিয়ে প্রচুর আলোচনা করেন। তখন আমি ভাবলাম, কেন তাঁরা রবীন্দ্রনাথ ঠাকুরের গান এত ভালোবাসেন? এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট মনে হলো।
প্রশ্ন :
কেন ইন্টারেস্টিং মনে হলো?
একজন জাপানি হিসেবে আমার কাছে অবাক লাগল, একজন মানুষ শত বছর আগে গান লিখে গেছেন, সেটা মানুষ এখনো গুরুত্বের সঙ্গে গাইছে। এটা আমার কাছে অ্যামেজিং লাগল। তখন আমি জানতে চাইলাম, কেন তাঁর গান এত ভালোবাসেন?
প্রশ্ন :
তারপর কীভাবে শুরু হলো কাজ?
প্রথমে আমি সাধারণ মানুষের ইন্টারভিউ নেওয়া শুরু করি। তারপর আমি গানগুলোর অনুবাদও করি বাংলা থেকে জাপানি ভাষায়। কিন্তু এটা ছিল আক্ষরিক অনুবাদ। আমি গানের কথার গভীর উপলব্ধি ধরতে পারছিলাম না। শুধু অনুবাদ করেছি। কিন্তু আমি বুঝতে পারছিলাম না তিনি কী বলতে চান। সে জন্য আমি ভাবলাম, শুধু অনুবাদে কাজ হবে না। তাঁর গান বুঝতে শুরু করি। এ সময় আমি ফিল্ম মেকিংয়ের দিকে আগ্রহী হই। বিশেষ করে প্রামাণ্যচিত্রে। আমি একটি জাপানি চলচ্চিত্র উৎসবে যাই। ইয়ামাগাতা ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যালে যাই। আমি জানতে চাচ্ছিলাম, কী করে ডকুমেন্টারি ফিল্ম বানানো হয়। আমার বিষয় ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গান। আমি ভাবলাম, তাঁর গান বুঝতে ছবি বানানো হবে চমৎকার একটি কাজ। আমি মানুষকে প্রশ্ন করা শুরু করলাম, কেন রবীন্দ্রসংগীত আপনার ভালো লাগে। তাঁদের কাছ থেকে একটা প্রতিক্রিয়া পাওয়া শুরু করলাম। তখন ডকুমেন্টারি ফিল্ম নিয়ে কাজ শুরু করি।
প্রশ্ন :
আপনি এ বিষয়ে কার কার কাছ থেকে সহযোগিতা নিলেন?
আমাদের একজন প্রফেসর ইউকা উকুদা। তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রসংগীতে মাস্টার্স করেছেন। তাঁর কাছ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যার খোঁজ পাই। আমি তাঁর সঙ্গে যোগাযোগ করি। আরেকজন প্রফেসর কিউকোনিমা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পিএইচডি করছিলেন। তাঁর কাছে বাংলা সাহিত্য নিয়ে পড়ালেখা করেছি। তাঁর মাধ্যমে কলকাতার মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে। এরপর আমাদের বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে এখানে যোগাযোগ করে ইন্টারভিউ নিয়েছিলাম। আরেকটা ইন্টারেস্টিং গল্প আছে।
প্রশ্ন :
কী সেটা?
আমি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য ভিডিও করতে চেয়েছিলাম। ঢাকার নয়, আমাকে যেতে হয়েছিল ঢাকার বাইরে, খুলনায়। কিন্তু আমার কোনো যোগাযোগ ছিল না। আমি ইন্টারনেটে সার্চ করে একজনকে ই–মেইল করি। খুলনার একজনের সঙ্গে আমি ফেসবুকে আলাপ করি। তাঁকে বললাম, আমি জাপান থেকে বলছি। আমি সোনার বাংলা দেখতে চাই। যদিও তাঁকে আমি কিন্তু জানি না। তিনি আমাকে বিশ্বাস করেছেন। আমার মতো একজন অপরিচিত মানুষকে খুলনায় নেওয়ার রিস্ক নিয়েছেন। খুলনায় গেলাম। এত সুন্দর দেখতে! মনে আছে, ট্রেনে করে ঢাকা থেকে খুলনায় গিয়ে সকালে প্রাকৃতিক দৃশ্য দেখে আমি থমকে গেলাম। এত সুন্দর নদী, খেত।
প্রশ্ন :
কেন আপনি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর পরিকল্পনা করলেন এই ছবিতে?
কারণ, আমি মনে করি, তাঁর অনেক গান উঠে এসেছে প্রকৃতি থেকে। যেমন সোনার বাংলা। জাপানে আমি এই সৌন্দর্যের কথা শুনেছি। এখানকার যে অবারিত খেত, এটাই সোনার বাংলা। আমি সেই সোনার বাংলা দেখাতে এই দৃশ্যগুলো ধারণ করেছি। তা ছাড়া জাপানের সঙ্গেও এর মিল আছে। তাদের আমি এটা দেখাতে চাই। প্রকৃতির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ। এটা দেখাতে চেয়েছি, এই দৃশ্যগুলোর মধ্যে কাব্যময়তা আছে।
প্রশ্ন :
চলচ্চিত্র উৎসবে এসে কেমন লাগছে?
আমি খুবই এনজয় করছি। এখানে নানা ধরনের মানুষ নানা দেশ থেকে তাঁদের ছবি নিয়ে এসেছেন। আমি জাপানে থাকি। জাপান থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দূরত্ব আছে। আমি মনে করি, ঢাকা একটা মিডল প্লেস এশিয়ার মধ্যে। শুধু তা–ই নয়, আমার আরেকটা ভালো লাগার জায়গা হলো, ঢাকার মানুষের আতিথেয়তা।
প্রশ্ন :
বাংলাদেশি চলচ্চিত্র দেখেছেন?
তারেক মাসুদের সিনেমা দেখেছি। আমি ঋত্বিক ঘটকের সিনেমা খুব ভালোবাসি। আমি তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র দেখেছি। তিনি প্রামাণ্যচিত্রের একজন কিংবদন্তিতুল্য মানুষ। মেড ইন বাংলাদেশ দেখেছি।