সেই হাসিমুখ আর দেখব না
সংগীতশিল্পী, সুরকার, শিক্ষক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক অজিত রায় আর নেই। গতকাল দুপুরে তিনি পরলোকগমন করেন। তাঁর চলে যাওয়ার পর মনে পড়ছে অনেক কথা। ...১৯৬৪ সালে কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকসুর উদ্যোগে প্রথম উন্মুক্ত মঞ্চে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন আলতাফ মাহমুদ। সে অনুষ্ঠানে সলিল চৌধুরীর লেখা ও সুর করা ‘বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা’ গানটি গেয়েছিলেন অজিত রায়। আলতাফ মাহমুদই গানটি গাওয়ার ব্যাপারে অনুপ্রাণিত করেন তাঁকে। ...১৯৭১ সালে ঢাকায় পাকিস্তান আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভেসে আসে ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটি। শহীদুল ইসলামের লেখা আর সুজেয় শ্যামের সুর করা গানটি গাওয়ার সময় নেতৃত্ব দিয়েছিলেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এমন অনেক গান গেয়েছিলেন তিনি। জহির রায়হানের জীবন থেকে নেয়া ছবিতে গেয়েছিলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি। তিনি ছিলেন গণসংগীতের শিল্পী। তবে রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবে ছিল তাঁর বড় পরিচয়। আজ তিনি নেই, রয়েছে তাঁর গান, তাঁর স্মৃতি। অজিত রায়ের সঙ্গে ঘনিষ্ঠ কজন স্মৃতিচারণা করলেন তাঁকে নিয়ে।রামেন্দু মজুমদাররবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে এবং ষাটের দশকে যে কজন ‘আমার সোনার বাংলা’ গানটি মাঠে-ময়দানে বিভিন্ন সভা-সমাবেশে গেয়ে জনপ্রিয় করে তুলেছিলেন, তার পেছনে অন্যতম কৃতিত্ব শিল্পী অজিত রায়ের। তাঁর এই চলে যাওয়ায় আমরা গভীরভাবে বেদনাহত। তিনি যে কাজ করে গেছেন, তা জাতি সব সময় মনে রাখবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও তিনি যে কাজ করেছিলেন, আমরা তা আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি। রথীন্দ্রনাথ রায়ঢাকায় রেডিও ও টিভিতে আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও অনেক গান আমরা একসঙ্গে গেয়েছি। স্বাধীনতার দেড় মাস পর আমরা দেশে ফিরেছিলাম। কলকাতা থেকে যশোরে এসে আমরা একটি হোটেলে রাত কাটিয়েছিলাম। অজিত রায়ের সংগীতের প্রতি যে অধ্যবসায়, বিশেষ করে গণসংগীতের প্রতি তাঁর যে ভালোবাসা দেখেছি, তা তুলনাহীন। একজন সুরকার ও শিল্পী হিসেবে অজিত রায় কিংবদন্তি। তপন মাহমুদঅজিতদার সঙ্গে আমার পরিচয় হয় ১৯৬৮ সালে, রেডিও অফিসে। এরপর ১৯৭১ সালে আমরা কলকাতায় ৫৭/এ বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসঙ্গে থেকেছি, ঘুমিয়েছি, গান করেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। অজিতদা কিন্তু ছিলেন গণসংগীতের শিল্পী। রংপুরে নামী ফুটবল খেলোয়াড় ছিলেন, ভালো তবলা বাজাতেন। তিনি অবশ্য পরে রবীন্দ্রসংগীতের শিল্পী হয়েছেন। ষাটের দশকে উত্তরবঙ্গে ‘আমার সোনার বাংলা’ গানটিকে তিনি জনপ্রিয় করিয়েছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সহসভাপতি। পাপিয়া সারোয়ারসকালে কাগজে তাঁর অসুস্থতার খবরটা জানতে পারলাম। ভেবেছিলাম, বিকেলে দেখতে যাব। আর দেখা হলো না। পাকিস্তান আমলে তো রবীন্দ্রসংগীত গাওয়ার ব্যাপারেই নানা বিধিনিষেধ ছিল। আর আমরা ছিলাম ছোট। স্বাধীনতার পর তিনি প্রথম আমাকে আর তপন মাহমুদকে দিয়ে রেডিওর জন্য রবীন্দ্রনাথের ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি রেকর্ড করিয়েছিলেন। আমি শান্তিনিকেতন থেকে আসার পর ওখানকার গান শেখানো আর অন্যান্য বিষয় নিয়ে জানতে চাইতেন। চ্যানেল আইতে ২০০১ সালে আমি ‘আনন্দধারা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করতাম। ওনাকে নিয়ে একটা পর্ব করেছিলাম। তখনই ওনার গান গাইতে খুব কষ্ট হতো। তার পরও যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছিলেন। এবার পঁচিশে বৈশাখের আগেও একটা অনুষ্ঠানে ওনার সঙ্গে দেখা হয়েছিল। ওনার সেই হাসিমুখটি খুব মনে পড়ছে। সেই হাসিমুখটি আর দেখব না। ওনার আত্মার শান্তি কামনা করছি।