সেকালের একালের কিছু বাংলা ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলাপী এখন ট্রেনে, সূর্য দীঘল বাড়ী ও মাটির ময়না ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
গোলাপী এখন ট্রেনে, সূর্য দীঘল বাড়ী ও মাটির ময়না ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

‘আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে/চলো না ঘুরে আসি অজানাতে…’। না, আপাতত বেড়ানোকে প্রশ্রয় দিচ্ছে না পরিস্থিতি। বরং ঘরে বসে সতর্ক অবস্থায় থাকার জন্য বলছে। ঘরে বসে অলস সময় না কাটিয়ে দেখা যেতে পারে সিনেমা।

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অনেক সিনেমা আছে, যা হয়তো এখনো আপনার দেখা হয়নি। কিংবা দেখা, নতুন করে দেখলে নস্টালজিয়া পেয়ে বসবে। যেমন শ্রুতিমধুর গানের ছবি ঘুড্ডি। সালাহউদ্দিন জাকী পরিচালিত ছবিতে আপনি পাবেন রাইসুল ইসলাম আসাদের দারুণ অভিনয়। সদ্য স্বাধীন হওয়া দেশে একজন মুক্তিযোদ্ধার জীবনে যখন প্রেম আসে, আসে নীতিনৈতিকতার সীমারেখা মানা না-মানার প্রশ্ন, তখন কীভাবে উত্তর খুঁজে নেন আসাদ, তারই এক চমৎকার বর্ণনা ঘুড্ডি। সুবর্ণা মুস্তাফার রূপের সঙ্গে চরিত্রের বৈচিত্র্য, আপনাকে মুগ্ধ করবে।
দেখতে পারেন জহির রায়হানের সিনেমাগুলো। আরও একবার দেখুন জীবন থেকে নেয়া। আলমগীর কবিরও হতে পারেন অবসরের সঙ্গী। সূর্যকন্যা ও সীমানা পেরিয়ে দেখতে গিয়ে পরিচালকের দর্শন আপনাকে ভাবাবে। আর ছবি দুটির গানগুলো আপনাকে মুগ্ধ করে দেবে।

ঋত্বিক ঘটকের তিতাস একটি নদীর নাম আর আব্দুল্লাহ আল-মামুনের সারেং বৌ আপনাকে পানির সঙ্গে, নদীর সঙ্গে মানুষের জীবনের অন্তরঙ্গতাকে নতুন করে মনে করিয়ে দেবে। শেখ নিয়ামত আলী ও মসিহ্উদ্দিন শাকেরের সূর্য দীঘল বাড়ী দেখবেন গ্রামীণ জীবনে সত্তর দশকের চালচিত্র পেতে। দেশ বিভাগের গল্পে আগ্রহ থাকলে দেখতে পারেন তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পারে।
সুভাষ দত্তের বসুন্ধরা ও ডুমুরের ফুল দেখতে পারেন। ববিতার অভিনয়ের প্রেমে পড়বেন নতুন করে। আমজাদ হোসেনের গোলাপী এখন ট্রেনেও আপনি দেখবেন ববিতার সঙ্গে ফারুকের যুগলবন্দী দেখার জন্য। একই পরিচালকের ভাত দে দেখবেন শাবানা-আলমগীরের জন্য। নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল মুক্তিযুদ্ধের পরের গল্প বলবে। খান আতার আবার তোরা মানুষ হ-এর গল্পও যুদ্ধোত্তর বাংলাদশের তরুণ সমাজ। দেখতে পারেন এ কালের সিনেমাগুলোও। নাসির উদ্দীন ইউসুফের গেরিলা যুদ্ধদিনের পটভূমিকায় নির্মিত। হুমায়ূন আহমেদের ছবি যাঁরা ভালোবাসেন তাঁরা দেখে নেবেন আগুনের পরশমণি।

তারেক মাসুদের মাটির ময়নাকে তালিকায় রাখুন। অন্য রকম অভিজ্ঞতা হবে। গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝিকেও তালিকায় রাখতে হবে। তালিকায় আরও রাখতে পারেন দহন, দুখাই, পোকামাকড়ের ঘরবসতি, পুরস্কার, শুভদা, দেবদাস, অন্য জীবন, কিত্তনখোলা, জয়যাত্রা ইত্যাদি। ছবিগুলো দেখতে পারেন ইউটিউব ও ডিজিটাল প্ল্যাটফর্মে।