সেতার বাদক ইয়াসিন খান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সেতার বাদক ওস্তাদ ইয়াসিন খান আর নেই। গতকাল রোববার ২০ মার্চ রাত নয়টায় রামপুরায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বড় ছেলে ইলিয়াস খান জানিয়েছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান।ইয়াসিন খান ১৯৩০ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র ১০ বছর বয়সে তিনি বড় ভাই ফুলঝুরি খানের কাছে তবলায় তালিম নেওয়া শুরু করেন। পাঁচ বছর তবলার তালিম নেওয়ার পর তিনি ওস্তাদ ফুলঝুরি খানের কাছে সেতারেও তালিম নিতে থাকেন। এভাবে একে একে ওস্তাদ ফুলঝুরি খান, ওস্তাদ আয়াত আলী খান ও ওস্তাদ আবেদ হোসেন খানের কাছ থেকে তিনি সেতারে তালিম নেন। ১৯৫৫ সালে রেডিও পাকিস্তান ঢাকাতে সেতার শিল্পী হিসেবে চাকরি জীবন শুরু করেন। এরপর তিনি ১৯৬৬ সালে তদানীন্তন পিআইএ আর্টস একাডেমিতে সেতার বাদক হিসেবে যোগ দেন। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকারি সাংস্কৃতিক দলের হয়ে তিনি চীন, হংকং, থাইল্যান্ড ও পাকিস্তান সফর করেন। ১৯৮৫ সালে দ্বিতীয় সাফ গেমস অনুষ্ঠানে অংশগ্রহণ করেও তিনি বেশ প্রশংসিত হন। বাংলাদেশের অসংখ্য চলচ্চিত্রে সেতার পরিবেশন করে তিনি বেশ সুনাম অর্জন করেন। ওস্তাদ ইলিয়াস খান ১৯৯৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী থেকে গুণীজন সংবর্ধনা পুরস্কার লাভ করেন।ওস্তাদ ইয়াসিন খান ছিলেন বিশ্বখ্যাত সংগীত বিশারদ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খানের বড় ভাই ফকির আফতাব উদ্দিন খানের বড় মেয়ে কমলা খাতুনের কনিষ্ঠ সন্তান। ইলিয়াস খান আরও জানিয়েছেন, তাঁর বাবা এমনিতেই সুস্থ ছিলেন। ২৭ ফেব্রুয়ারি হঠাত্ ব্রেইনস্ট্রোক হলে তাঁকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সফল অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হন। ১৭ মার্চ বাসায় ফেরার ঠিক দুই দিন পর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল সোমবার বিকেলে আজিমপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। ওস্তাদ ইয়াসিন খান মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে, চার মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।