৫০তম মঞ্চায়ন শেষ হলো নাগরিক নাট্যসম্প্রদায়ের জনপ্রিয় নাটক ছায়ানট-এর। গত ১৪ মে নাটকটির দুটি প্রদর্শনী করে অর্ধশত মঞ্চায়ন পূর্ণ হলো। উৎপল দত্তের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন আলী যাকের। আজ তাঁর সাক্ষাৎকার।ছায়ানট নাটকটির অর্ধশত মঞ্চায়ন কেমন হলো?খুবই ভালো হয়েছে। আমরা নাটকটির ৪৯ ও ৫০তম মঞ্চায়ন ঢাকার বাইরে সিলেটের শিশু একাডেমীতে করেছি। দুটি প্রদর্শনী একই দিন করেছি। ওই দিন বিকেলের প্রদর্শনীতে দর্শক মিলনায়তন পূর্ণ না থাকলেও রাতের প্রদর্শনীতে মিলনায়তন ভরে গিয়েছিল। নাটকটির ৫০তম প্রদর্শনী পূর্ণ হতে প্রায় আড়াই বছর সময় লাগল। আর নাটকটির দর্শক বরাবরই ভালো। কেননা নাটকটির গল্প ও ভালো অভিনয়—সব মিলে দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয় নাটকটি। আপনি বলছিলেন, ৫০তম প্রদর্শনী পূর্ণ হতে আড়াই বছর সময় লেগেছে। সময়টা বেশি নেওয়া হলো না?বেশি সময় নেওয়ার কারণ হলো, মিলনায়তন-সমস্যা। মিলনায়তন বরাদ্দ না পাওয়া গেলে তো আর বেশি বেশি প্রদর্শনী করা যাবে না। আমাদের এখানে দলের সংখ্যা অনুযায়ী মিলনায়তনের সংকট অনেক। সবাই নাটক করতে চাই। মিলনায়তন বরাদ্দ নিতে চাই। আমাদের দলে এখন চারটি নাটক নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। চারটি নাটকের জন্য এ মাসে মিলনায়তন বরাদ্দ পেয়েছি মাত্র এক দিন। কীভাবে নাটকের বেশি বেশি প্রদর্শনী সম্ভব।মিলনায়তন-সমস্যার কথা অনেক পুরোনো। এ সমস্যা দূর করার কোনো উপায় আছে কী?অবশ্যই উপায় আছে। এর জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এসব প্রতিষ্ঠানকে সত্যিকারের মঞ্চনাটকের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এই শিল্পমাধ্যমকে বাঁচিয়ে রাখতে হলে মিলনায়তনের সংখ্যা বাড়াতে হবে। আমাদের এখানে পাকিস্তান আমলে কিছু কমিউনিটি সেন্টার তৈরি হয়েছিল। আজিমপুর, উত্তরা, মিরপুর, ধানমন্ডিসহ ঢাকার বেশ কিছু জায়গায় এই সেন্টারগুলো আছে। এসব জায়গায় এখন বেশির ভাগ সময়ই বিয়ের অনুষ্ঠান হয়। সেন্টারগুলো যদি সরকার সংস্কার করে নাটক মঞ্চায়নের উপযোগী করে, তাহলে মিলনায়তনের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। ওই সব এলাকার দর্শক নিজ এলাকায় বসেই নাটক দেখার সুযোগ পাবেন। এলাকাভিত্তিক নতুন নতুন দর্শক তৈরি হবে। কেননা বর্তমান সময়ে শিল্পকলা বা বেইলি রোডে এসে মিরপুর বা উত্তরার দর্শকের পক্ষে নাটক দেখা সম্ভব নয়। কমিউনিটি সেন্টারগুলোকে নাটক মঞ্চায়নের আওতায় আনার ব্যাপারে আমি অনেক দিন আগে সরকারের কাছে লিখিতভাবে দাবিও জানিয়েছি। শুনলাম, আবার নতুন নাটকের নির্দেশনা দিতে যাচ্ছেন।এখনই শুরু করছি না। ভাবনায় আছে। একটু সময় নিয়ে শুরু করব। গত বছর কাঁঠালবাগান নাটকটির নির্দেশনা দিয়েছি। এর মধ্যে দলের পুরোনো জনপ্রিয় নাটকগ্যালিলিও নতুন করে আবার মঞ্চে আনা হচ্ছে। আশা করা হচ্ছে, ছয়-সাত সপ্তাহের মধ্যেই কাজটি শুরু হবে। নাটকের নাম ভূমিকায় আমি অভিনয় করি। এটির নির্দেশনায় আছেন আতাউর রহমান।