সেন্টু রায়ের ‘রাইট টু রিটার্ন’
রাইট টু রিটার্ন তথ্যচিত্রটি দেখা হলো কাকতালীয়ভাবে এই নভেম্বরেই। ২৯ নভেম্বর তারিখটি ফিলিস্তিনের জনগণের মনে বেদনার রং ছড়ায়। ফিলিস্তিনিদের আবাসভূমি ভাগ করে অর্ধেকটা দেওয়া হলো ইসরায়েলকে। এ সত্য সবারই জানা। আবার জাতিসংঘই এ দিনটিকে পরবর্তীতে ঘোষণা করল ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি দিবস হিসেবে।সেন্টু রায়ের তৈরি তথ্যচিত্রটি ফিলিস্তিন-সমস্যার গোড়ায় নিয়ে যায় আমাদের। চলতি পথে মার্কিন নাগরিকদের কাছে সবচেয়ে সহজ প্রশ্নটি নিয়ে গিয়েছিলেন তিনি। লাখ লাখ ফিলিস্তিনি যে নিজের জন্মভূমি থেকে উচ্ছেদ হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে জীবন কাটাচ্ছে, অনেকেই বাস করছে বিভিন্ন দেশের উদ্বাস্তু শিবিরে, এ তথ্য কি জানে মার্কিন নাগরিকেরা? বেশির ভাগ ক্ষেত্রেই উত্তরগুলো ছিল নেতিবাচক। ফিলিস্তিন বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি কতটা ভয়ংকর, সেটা তাদের জনগণ একেবারেই কিছু জানে না।এখানে রাইট টু রিটার্ন ছবিটির পুরো বর্ণনা দেওয়ার চেষ্টা করব না। শুধু মনে হচ্ছে, এই তথ্যচিত্র দেখা উচিত প্রত্যেকের। যে ইহুদিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের ভয়াবহ নিধনযজ্ঞের শিকার হয়েছিল, তারাই মাত্র ১০ বছরের ব্যবধানে একই রকম অত্যাচার চালানো শুরু করল ইসরায়েল দেশটি প্রতিষ্ঠার পর, ফিলিস্তিনের জনগণের ওপর। এই নৃশংসতা নিয়েই সেন্টু রায়ের ছবি।ছবির শেষে ফিলিস্তিনি যে মেয়েটি তার ঠোঁটে তোলে অসাধারণ বাঁশির সুর, তাকে ভুলতে পারি না। কারণ, তার বাঁশিতে যেমন কান্না আছে, তেমনি আবহমান সংস্কৃতিধারার পেলবতাও আছে। ফিলিস্তিন প্রসঙ্গ এখনো ক্ষতের মতো জ্বলজ্বল করছে আমাদের মনে।