সেন্সর বোর্ড আটকে দিল ‘দি ডিরেক্টর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা কামরুজ্জামান কামুর বহুল আলোচিত ‘দি ডিরেক্টর’ চলচ্চিত্রটি আটকে দিল সেন্সর বোর্ড। গত ১১ ফেব্রুয়ারি সেন্সর ছাড়পত্রের জন্য ছবিটি জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। ২৫ ফেব্রুয়ারি সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখেন এবং পরে লিখিত চিঠির মাধ্যমে পরিচালককে জানানো হয় যে ছবিটি প্রদর্শনের উপযোগী নয়। নির্মাতাসূত্রে জানা গেছে, সেন্সর বোর্ডের চিঠিতে বলা হয়েছে, চলচ্চিত্রটির মূল কাহিনি অপর্যাপ্ত, এতে অশ্লীল সংলাপের ব্যবহার রয়েছে, একটি সাংস্কৃতিক পেশাগোষ্ঠীকে হেয়ভাবে উপস্থাপন করা হয়েছে, চলচ্চিত্রশিল্পের প্রতি সাধারণ মানুষের ঘৃণা জন্মায় এমনভাবে কাহিনি চিত্রায়ণ, আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার আছে, নির্বিকারে মানুষ হত্যা, আইনহীনতা ও অসংযত জীবনযাপনকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান কামু বলেন, ‘যে অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলোর সঙ্গে আমি একমত নই। সেন্সর বোর্ড থেকে এ ধরনের চিঠি পেয়ে অবাকই হয়েছি। এটা সত্যিই হতাশাজনক। আমি সেন্সর বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগির আপিল করব।’ ‘দি ডিরেক্টর’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।