
ক্ষতিগ্রস্ত ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’
সম্প্রতি মুক্তির দুই সপ্তাহ আগে অনলাইনে ফাঁস হয়ে যায় বলিউড ছবি গ্রেট গ্র্যান্ড মাস্তি। নির্মাতা ও প্রযোজকেরা ক্ষতির অঙ্ক কমাতে শেষমেশ নির্দিষ্ট দিনের এক সপ্তাহ আগেই মুক্তি দেন ছবিটি। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বরং বড়সড় ক্ষতিই হয়েছে এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের। কারণ দর্শকেরা প্রেক্ষাগৃহের চেয়ে নাকি এই ফাঁস হওয়া ছবি দেখে বেশি মজা পাচ্ছেন। কারণ অনলাইনে গ্রেট গ্র্যান্ড মাস্তির যে কপি ফাঁস হয়েছে তা একেবারে ঝকঝকে, তকতকে ও কোনো কাটছাঁট নেই তাতে। ছবির প্রিন্টে লেখা ‘সেন্সর কপি’। তাই বোঝাই যাচ্ছে, সেন্সর বোর্ড কোনো প্রকার ছুরি চালানোর আগে যে কপিটি নির্মাতারা কোনো রকম সম্পাদনা ছাড়া তৈরি করেছিলেন, সেটাই চলে গেছে কালোবাজারিদের হাতে।
ফাঁস হওয়া আরও কিছু ছবি...
এর আগে অনুরাগ কাশ্যপের আলোচিত-সমালোচিত ছবি উড়তা পাঞ্জাব-এর বেলায়ও কিন্তু এমনটা হয়েছিল। ছবিটির ৮৯টি দৃশ্যে সেন্সর বোর্ডের ছুরি চালানোর সিদ্ধান্ত যখন আদালত বাতিল করে দিলেন, তখনই এ ছবির ‘সেন্সর কপি’ বিভিন্ন পাইরেসি ওয়েবসাইটে পাওয়া শুরু হয়ে গেল। মুক্তির মাত্র এক দিন আগে ফাঁস হয়ে গেল উড়তা পাঞ্জাব। আর গত মঙ্গলবার মুক্তি প্রতিক্ষীত তামিল চলচ্চিত্র জগতের মহাতারকা রজনীকান্তের কাবালি ছবিটির সেন্সর কপি ফাঁস হয়ে যায় অনলাইনে।
এর আগেও এমন দুর্ভাগ্যজনক পরিণতি হয়েছিল বলিউডের আরও কিছু ছবির। এর মধ্যে রয়েছে অনুরাগ কাশ্যপেরই আরেকটি ছবি পাঁচ ও তাঁর অভিনীত একটি ছবি তেরা কেয়া হোগা জনি। এ তালিকায় আরও আছে সালমানের ব্যবসাসফল ছবি বজরঙ্গি ভাইজান, নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত প্রশংসিত ছবি মাঝি: দ্য মাউন্টেন ম্যান, অমিতাভ ও অভিষেকের ছবি পাসহ আর বেশ কয়েকটি নাম। সালমানের তারকাখ্যাতির জোরে বজরঙ্গি ভাইজান কিংবা নওয়াজউদ্দিনের অভিনয়ের কারণে মাঝি: দ্য মাউন্টেন ম্যান বক্স অফিসে আয়ের পরীক্ষায় উতড়ে গেলেও সব সময় সব ছবি কিন্তু পাইরেসির এ ধাক্কা সামাল দিতে পারে না। এই যেমন অনুরাগের পাঁচ ছবিটির কথাই ধরা যাক। অনলাইনে ফাঁস হওয়ার পর আজ পর্যন্ত ছবিটি মুক্তি দেওয়া হয়নি।
তারকাদের ক্ষোভ
সেন্সর বোর্ড থেকে ছবির ফাঁস হয়ে যাওয়া এখন বলিউডের জন্য এক নতুন হুমকি হয়ে দাঁড়াচ্ছে। বলিউডের অনেক বড় তারকা আওয়াজ তুলছেন ছবি ফাঁস হওয়ার এই প্রবণতা নিয়ে। আমির খান সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘এখনো আমরা পরিষ্কারভাবে জানি না যে এই সেন্সর কপিগুলো কীভাবে পাইরেসি ওয়েবসাইটে যাচ্ছে। আদৌ কি সেন্সর বোর্ডের ভেতরের কেউ এগুলো ফাঁস করছে কি না, এ বিষয়ে না জেনে কিছু বলা উচিত হবে না। তবে সত্যিই যদি ছবি ফাঁস হওয়ার পেছনে সেন্সর বোর্ডের গাফিলতি থাকে, তাহলে এটা হবে খুব লজ্জাজনক বিষয়।’ সালমান খান এ বিষয়ে বলেন, ‘এমনটা চলতে থাকলে আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। এখনই আমাদের অবস্থান নিতে হবে এই অপকর্মের বিরুদ্ধে।’
কর্তৃপক্ষের সাফাই
কিন্তু এই অপকর্মটা ঘটাচ্ছে কারা? এ প্রশ্নের জবাবে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) প্রধান পেহলাজ নিহালিনি নিজেদের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘সেন্সর কপি ফাঁস হয়ে যাওয়া ঠেকাতে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি। আমরা এখন থেকে সেন্সর বোর্ডে প্রদর্শনের জন্য কোনো ছবির ডিভিডি কপি গ্রহণ করি না। আমরা ব্যবহার করছি ডিসিপি (ডিজিটাল সিনেমা প্রজেকশন) ফরম্যাট। অর্থাৎ আমরা সরাসরি মূল প্রিন্ট থেকে ছবিটি দেখছি। এটা ডিভিডির মতো সহজে কপি করার সুযোগ নেই।’ কিন্তু নিহালিনি তাঁর এই বক্তব্যে একটি ‘তবে’ যোগ করে বলেন, ‘আমরা ডিসিপি ফরম্যাটে ছবি দেখলেও কোনো ছবি যদি ফিল্ম সার্টিফিকেট আপিল ট্রাইব্যুনালে যায়, তখন একটি ডিভিডি কপির প্রয়োজন হয়। ট্রাইব্যুনাল কিংবা রিভিউ কমিটির কাছে একটি ডিভিডি জমা দিতে হয়।’ তাই একটা আঙুল কিন্তু এখনো সিবিএফসি কর্তৃপক্ষের দিকে তাক করাই থাকছে।
টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ ইন্ডিয়া ও বলিউড হাঙ্গামা অবলম্বনে