সেন্সর বোর্ডে ছবি নেই
গত ১০ দিনে চলচ্চিত্র সেন্সর বোর্ডে কোনো ছবি জমা পড়েনি। তাই ছবি দেখার কোনো কার্যক্রমও নেই। জানা গেছে, এখন একটি মাত্র ইংরেজি ছবির কর্তন অংশ এবং ভারতীয় তিনটি বাংলা চলচ্চিত্র পড়ে আছে। এর বাইরে দেশি কোনো ছবি ছাড়পত্রের জন্য জমা পড়েনি।খোঁজ নিয়ে জানা গেছে, সামনে পবিত্র রমজান মাস। তাই এখন আর নতুন কোনো ছবি মুক্তি পাবে না। ঈদে একাধিক ছবি মুক্তি পাবে। তারপর আবার ছবির সংকট দেখা দেবে। ঈদের অনেক ছবির সেন্সর ছাড়পত্র এরই মধ্যে হয়ে গেছে। এরপর কী হবে, তাই এখন প্রশ্ন, এমন অবস্থা হলো কেন?এমন প্রশ্নের উত্তরে চলচ্চিত্রকার শাহ আলম কিরণ বললেন, ‘চলচ্চিত্রশিল্পের এই করুণ পরিণতি এক দিনে হয়নি। এখন অনেকটাই প্রকট আকার ধারণ করেছে। এ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সবাইকে। একসঙ্গে কাজ করতে হবে এবং ছবি নির্মাণের সংখ্যা বাড়াতে হবে। চলচ্চিত্র নির্মাণ পর্যায়ে যে সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধান করতে হবে।’প্রযোজকদের সূত্রে জানা গেছে, ঈদের জন্য সবাই অপেক্ষা করছে। ঈদের ছবিগুলোর ব্যবসায়িক ফলাফল দেখেই প্রযোজকেরা ভবিষ্যতে ছবি নির্মাণ করবেন কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।প্রযোজক খোরশেদ আলম জানালেন, তিনি কয়েক বছর ধরে নিয়মিত ছবি নির্মাণ করছেন। যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছেন, তা ফেরত পাননি। তাই নতুন করে আর বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বললেন, ‘আমার মতো আরও অনেকেই যদি ছবি বানানো বন্ধ করে দেয়, তাহলে সেন্সর বোর্ডে ১০ দিন কেন, কয়েক মাস ধরে নতুন কোনো ছবি ছাড়পত্রের জন্য জমা পড়বে না।’