সেন্সর বোর্ডে নেই বাংলা ছবি
সেন্সর বোর্ডে বাংলা চলচ্চিত্র নেই বললেই চলে। এখান জমা পড়ছে ইংরেজি চলচ্চিত্র। জানা গেছে, জমা পড়া ছবির তালিকায় ১০টি ইংরেজি চলচ্চিত্রের সঙ্গে থাকছে দুটি বাংলা চলচ্চিত্র। খোঁজ নিয়ে দেখা গেছে, চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতেও নতুন ছবি নির্মাণের জন্য আগের মতো আর প্রযোজকদের অনুমোদনপত্রের তেমন আবেদন নেই। এফডিসির প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, এখন এফডিসিতে ছবির শুটিং নেই বললেই চলে। বিভিন্ন ফ্লোরে হচ্ছে বিজ্ঞাপনচিত্রের শুটিং।সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার জানিয়েছেন, এখন স্টার সিনেপ্লেক্স ও মধুমিতা গ্রুপ একাধিক ইংরেজি ছবি ছাড়পত্রের জন্য আবেদন করেছে। সেগুলোর কাজ হচ্ছে। বাংলা চলচ্চিত্রের সংখ্যা কম কেন— জানতে চাইলে সুরথ কুমার বলেন, ‘এটা আমার পক্ষে বলা সম্ভব নয়।’এদিকে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খসরু বললেন, ‘এফডিসি থেকে বাকিতে সুবিধা নিয়ে কাজ করার প্রক্রিয়াটি বন্ধ থাকার কারণেই ছবির নির্মাণসংখ্যা কিছুটা কমেছে। তবে আশা করছি, শিগগিরই এই প্রক্রিয়া আবার চালু হবে।’ খসরু আরও বলেন, ‘সেন্সর বোর্ডে বাংলা ছবি না থাকার আরেকটি কারণ শিল্পীর সংকট। এখন বেশির ভাগ ছবিই তৈরি হচ্ছে শাকিব খানকে নিয়ে। এই কাজগুলো শেষ হলে সেন্সর বোর্ডে ছবি জমা পড়ার হার বাড়বে। এ ছাড়া আমরা নতুন ছবির অনুমোদন দিয়েছি। সেই সব ছবির কাজ শুরু হলেই চলচ্চিত্রশিল্প আবার জমজমাট হয়ে উঠবে।’