সেন্সরে ফেরদৌস ওয়াহিদের ‘কুসুমপুরের গল্প’
সেন্সরে যাচ্ছে ফেরদৌস ওয়াহিদের প্রথম চলচ্চিত্র ‘কুসুমপুরের গল্প’। আগামী সপ্তাহে ছবিটি সেন্সর সনদের জন্য জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদ।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘প্রায় দুই বছর শুটিং করে সম্প্রতি ছবির কাজ শেষ করেছি। তবে একটি গানের কাজ এখনো বাকি আছে। এটি ছবির শিরোনামসংগীত। আমার লেখা এই গানটি করবে হাবিব।’কবে নাগাদ ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে, জানতে চাইলে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ইচ্ছে আছে সামনের পয়লা বৈশাখে ছবিটি মুক্তি দেওয়ার। সেভাবেই সব ধরনের প্রস্তুতি আছে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা ছবিটির মুক্তির দিনক্ষণ নিয়ে ভাবিয়ে তুলেছে। তবে পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে যায়, সে ক্ষেত্রে পয়লা বৈশাখে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারবেন সবাই।’‘কুসুমপুরের গল্প’ ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন ফেরদৌস ওয়াহিদ। ছবির প্রধান দুই অভিনয়শিল্পী হলেন নবাগত পলাশ ও পুতুল।‘কুসুমপুরের গল্প’ ছবির আটটি গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। ছবির নামেই অ্যালবামের নাম রাখা হয়েছে ‘কুসুমপুরের গল্প’। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ, সাবিনা ইয়াসমীন, এস আই টুটুল, হাবিব, মিলন মাহমুদ, আরফিন রুমী, কণা, ন্যান্সি, প্রতীক হাসান ও পড়শী। এর মধ্যে দুটি দ্বৈতগানে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়ে ন্যান্সি ও কণা।