সেন্সরে ‘পোড়ামন’
শুটিং, ডাবিং ও সম্পাদনা শেষে এখন সেন্সর ছাড়পত্রের অপেক্ষায় আছে ‘পোড়ামন’ ছবিটি।। জানা গেছে, বান্দরবানের একটি বাস্তব ঘটনাকে নিয়ে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ‘পোড়ামন’ প্রসঙ্গে জাকির হোসেন রাজু জানিয়েছেন, ‘আমার সবটুকু মেধা উজাড় করে দিয়ে কাজ করতে পেরেছি—এটাই আমার বড় একটা তৃপ্তি। সৃষ্টিশীল ও মানসম্পন্ন ছবি বানানোর জন্য যা যা করা দরকার, সবকিছুই আয়োজন করেছি নিষ্ঠার সঙ্গে। বিশাল বাজেটের এই ছবিটি নিয়ে ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক গর্ববোধ করি। আমি মনে করি, দর্শকরা তাঁদের নিজেদের বিনোদনের খোরাক পেতেই ছবিটি দেখতে যাবেন পরিবার নিয়ে।’ ‘পোড়ামন’ ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন সায়মন সাদিক, মাহিয়া মাহি ও আনিসুর রহমান মিলন।মাহি বলেন, ‘এ ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেকখানি। আমার ধারণা, এখন থেকে সব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করতে পারব।’ ‘পোড়ামন’ ছবির বেশির ভাগ শুটিং হয়েছে বান্দরবানের নীলগিরি, মেঘলাসহ একদম মিয়ানমার সীমান্তের অনেক মনোরম লোকেশনে। গানের ক্ষেত্রেও রয়েছে নতুন সংযোজন। ‘পোড়ামন’ ছবির সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা এবং শফিক তুহিন। আবদুল্লাহ জহির বাবুর কাহিনি নিয়ে নির্মিত এ ছবিতে আরও কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, লাক্স তারকা বিপাশা, মনিরা মিঠু, গুলশান আরা ও মিশা সওদাগর। ‘পোড়ামন’ ছবির ড্যান্স কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী এবং চিত্রগ্রাহক হিসেবে দায়ত্ব পালন করেছেন শাহীন।