সেপ্টেম্বরে চ্যানেল আইয়ে ‘সেরা শেফ’
বিশ্বের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারে চলছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আইয়ের রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘মালয়েশিয়ান পামঅয়েল সেরা শেফ-১১’-এর দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের শুটিং। চলবে ২০ জুলাই পর্যন্ত। সেপ্টেম্বরে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে উত্তীর্ণ প্রতিযোগীদের নিয়ে শুরু হবে সেরা অনুষ্ঠানটির টেলিভিশন সম্প্রচার কার্যক্রম।প্রাথমিকভাবে সারা দেশ থেকে ২১ জন প্রতিযোগীকে নিয়ে সমুদ্রসৈকত কক্সবাজারের একটি হোটেলে শুরু হয়েছে প্রতিযোগিতার এই কার্যক্রম। অনুষ্ঠানটির বিচারকেরা হলেন রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী, শেফ টনি খান ও শেফ এ টি এম আহমেদ হোসাইন।এর আগে সাতটি বিভাগীয় শহরে সরাসরি অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রাথমিক বাছাই রাউন্ড।‘মালয়েশিয়ান পামঅয়েল সেরা শেফ-১১’-এর যিনি সেরা শেফ নির্বাচিত হবেন, তিনি পাবেন নগদ পাঁচ লাখ টাকা। এ ছাড়াও থাকছে দি ওয়েস্টিন ঢাকায় শেফ হিসেবে চাকরি, এক সেট গয়না এবং একটি এলসিডি টেলিভিশন। প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রানারআপের জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার।রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীর পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মডেল-অভিনেতা সুজন।