সেভেন ডাস্ট তাদের নবম অ্যালবাম নিয়ে হাজির হয়েছে। বিলবোর্ড শীর্ষ রক অ্যালবামের তালিকায় গত সপ্তাহে ছিল সেভেন ডাস্টের ব্ল্যাক আউট দ্য সান। এ বছর ২৬ মার্চ তাদের এই অ্যালবাম বের হয়েছে। আমেরিকার জর্জিয়ার আটলান্টায় ১৯৯৪ সালে দলটির গোড়াপত্তন হয়। প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন বেজবাদক ভিন্স হর্ন্সবি, ড্রামবাদক মর্গান রোজ ও গিটারিস্ট জন কনোল্লি। তাঁদের সর্বপ্রথম ডেমো টেপ বের হওয়ার পর ভোকালিস্ট লেজন উইথারস্পুন এবং গিটারিস্ট ক্লিন্ট লোয়ারি যোগদান করেন। এরপর বেশ কয়েকবার নাম বদলের পর সবাই মিলে দলটির নাম সেভেন ডাস্ট রাখার সিদ্ধান্ত নেন। তাঁরা ১৯৯৭ সালের ১৫ এপ্রিল সেভেন ডাস্ট শিরোনামেই তাঁদের প্রথম অ্যালবাম বের করেন। অ্যালবামটি বের হওয়ার পর ভালো সাড়া পেতে থাকে। একদম নতুন দল হিসেবে প্রথম সপ্তাহে ৩১১ কপি অ্যালবাম বিক্রি হওয়াতেই তাঁরা বেশ অনুপ্রাণিত হন। পরবর্তী সময়ে বেশ কিছু কনসার্ট ও টেলিভিশনের সহায়তায় অ্যালবামটি বিলবোর্ড শীর্ষ তালিকায় স্থান পেতে শুরু করে এবং পরে গোল্ড সনদপ্রাপ্ত হয়। এখন পর্যন্ত তাঁরা নয়টি অ্যালবাম বের করেছেন। সেভেন ডাস্ট দলটি যেসব গানের দল দ্বারা প্রভাবিত, তার মধ্যে আছে ‘লিভিং কালার’, ‘সেপালটুরা’ এবং ‘ফেইথ নো মোর’। তারা একসঙ্গে অনেক ধারার মিশ্রণে গান করে। সেভেন ডাস্ট মূলত অলটারনেটিভ মেটাল, পোস্ট গ্রাঞ্জ, হেভি মেটাল এবং ন্যু মেটাল ধারার গান করে। একবার এক সাক্ষাৎকারে সেভেন ডাস্টের গিটারিস্ট জন কনোল্লিকে তাঁদের দলের গানের ধারা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ‘আমি জানি না, তবে তা বোঝার চেষ্টা করছি। বেশ আগে শ্রোতারা আমাদের গান শুনে পাঁচ মিনিট পর বলত প্রগ্রেসিভ, তার পরেই আবার ন্যু মেটাল, তারপর হঠাৎ আমরা অলটারনেটিভ মেটাল শুরু করতাম। তাই আমরা একরকম হেভি এবং একরকম রক এবং একধরনের মেটাল গানের দল।’ তাঁর বক্তব্য শুনেই বোঝা যায়, তাঁরা গান নিয়ে এক জায়গায় আটকে থাকেন না। নিরীক্ষার মধ্য দিয়েই তাঁদের পথচলা। সেভেন ডাস্টের ১৯ বছরের পথচলায় পাঁচ সদস্য এখন পর্যন্ত একসঙ্গেই আছেন। ক্লিন্ট লোয়ারি যদিও সাময়িকভাবে দলের বাইরে ছিলেন, তবে এখন যে পাঁচজন আছেন, তাঁরাই ১৯৯৪ সাল থেকে একত্রে গান করছেন। এই বিষয়টা খুবই ভালো লাগল। এতেই বোঝা যায় যে তাঁদের মাঝে একটা অবিচ্ছেদ্য বন্ধুত্বও গড়ে উঠেছে। যাঁরা সেভেন ডাস্টের অ্যালবাম শোনেননি, তাঁরা শুনতে পারেন। ভালোই লাগবে। সেভেন ডাস্টের যত অ্যালবাম সেভেন ডাস্ট (১৯৯৭) হোম (১৯৯১) অ্যানিমোসিটি (২০০১) সিজনস (২০০৩) নেক্সট (২০০৫) আলফা (২০০৭) চ্যাপ্টার সেভেন: হোপ অ্যান্ড সরো (২০০৮) কোল্ড ডে মেমোরি (২০১০) ব্ল্যাক আউট দ্য সান (২০১৩)সেভেন ডাস্টের সদস্যরা লেজন উইথারস্পুন-ভোকালস (১৯৯৪-বর্তমান) ক্লিন্ট লোয়ারি-লিড গিটার (১৯৯৪-২০০৫, ২০০৮-বর্তমান) জন কনোল্লি-রিদম গিটার (১৯৯৪-বর্তমান) ভিন্স হর্ন্্রবি-বেজ (১৯৯৪-বর্তমান) মর্গান রোজ-ড্রামস, পারকাশন (১৯৯৪-বর্তমান) মনোয়ারুল হক