
আজ ও আগামীকাল সেমিফাইনাল খেলতে মাঠে নামবে চারটি দল। সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। একটি দলের হাতে উঠবে সেরা হওয়ার ট্রফি। এতটুকু পড়ে যাঁরা ভেবেছেন, নিশ্চয় কোনো ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টের গল্প, তাঁদের কিঞ্চিৎ ভুল হচ্ছে। পুরো আয়োজনের আদলটা প্রিমিয়ার লিগের মতোই কিন্তু প্রতিযোগিতার মূল উপাদান ‘গান’। দেশের আটটি বিভাগের আটটি দল লড়ছে ‘সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ’ নামের এই গানের প্রতিযোগিতায়। লক্ষ্য ওই একটাই— সেরা হওয়া।
এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচ খেলে প্রতিযোগীরা চলে এসেছে সেমিফাইনালে। আজ সেমিফাইনালে লড়বে ঢাকা ঢোলকস ও সিলেট সারগামস এবং আগামীকাল লড়বে খুলনা খঞ্জনিস ও কুমিল্লা কোরাস। বলে রাখা ভালো, ধুন্ধুমার এই গানের প্রতিযোগিতা সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ (এমপিএল) দেখানো হচ্ছে চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
পেছনের গল্প
বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে নতুন সংগীতশিল্পী তৈরি করার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছিল সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ। প্রথমবারের মতো এ আয়োজনে অংশ নিয়েছিলেন প্রায় ১২ হাজার প্রতিযোগী। বিভিন্ন বিভাগ থেকে বাছাই করে প্রতিযোগীদের নানা ধাপ শেষ করে গঠন করা হয় প্রতিটি বিভাগীয় দল। এসব দলের দায়িত্ব নিয়েছিলেন একেকজন আইকনিক সিঙ্গার। যেমন ঢাকা ঢোলকসের দায়িত্ব আছেন নিশীথা, সিলেট সারগামসের সন্দীপন, খুলনা খঞ্জনিসের সাব্বির এবং কুমিল্লা কোরাসের সালমা। আইকনিক সিঙ্গারসহ বাকি চারটি দল বেশ কয়েকটি রাউন্ড খেলে এরই মধ্যে বিদায় নিয়েছে মূল প্রতিযোগিতা থেকে। আইকনিক সিঙ্গারদের সঙ্গে প্রতিটি দলে আছেন চারজন করে প্রতিযোগী। এর মধ্যে ঢাকা ঢোলকসে আছেন নাফিস, মাটি, আল সাবা ও শাহানজি; সিলেট সারগামসে মুন্না, মিথিলা, নওশিন ও সোহাগ; খুলনা খঞ্জনিসে রাখি, বনি, বিপুল ও সুজন এবং কুমিল্লা কোরাসে আছেন দ্বীপ, শ্রাবণী, শান্তা ও এতানা।
উল্লেখ্য, মিউজিক্যাল প্রিমিয়ার লিগের ‘টাইটেল স্পনসর’ হিসেবে আছে টানা ছয়বার বাংলাদেশের সেরা এবং বিশ্বখ্যাত পানীয় ব্র্যান্ড সেভেনআপ, ‘পাওয়ার্ড বাই’ কুড়কুড়ে, ‘অ্যাওয়ার্ড পার্টনার’ ট্রান্সকম ডিজিটাল, ‘ব্রডকাস্টিং পার্টনার’ চ্যানেল আই এবং ‘রেডিও পার্টনার’ এবিসি রেডিও।
চোখ শুধু গ্র্যান্ড ফিনালেতে
আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বসুন্ধরা কনভেশন সিটিতে এই আসরে লড়বে সেমিফাইনালে বিজয়ী হওয়া দুটি দল। প্রতিটি দলের আইকনিক সিঙ্গাররা ব্যস্ত প্রতিযোগীদের সেরাটা তৈরি করতে। সেখানে প্রতিযোগীদের গান পরিবেশন করতে হবে অতিথিসহ বিচারকদের সামনে। সেদিনই সেরা হওয়ার ট্রফি উঠবে বিজয়ী দলের হাতে। প্রাণবন্ত এ প্রতিযোগিতা প্রসঙ্গে ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী বলেন, ‘যেসব প্ল্যাটফর্ম আমাদের ভোক্তাদের বিশেষভাবে আকর্ষণ করে, মিউজিক এর মধ্যে অন্যতম। জাতীয় পরিসরে একটি মিউজিক্যাল রিয়েলিটি শোর সঙ্গে যুক্ত হতে পেরে সেভেনআপ খুবই আনন্দিত এবং এমপিএলের সাফল্য ব্র্যান্ডের সুনাম বাড়াতে সাহায্য করবে। সেভেনআপ-এমপিএলের মাধ্যমে দেশ সম্ভাবনাময় কিছু তরুণ সংগীতশিল্পী পাবে। চ্যাম্পিয়ন ও রানারআপ দল পুরস্কারস্বরূপ যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা পাবে।’
সেভেনআপ-এমপিএলের প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন সংগীতশিল্পী শাকিলা জাফর, পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার।