সেমিনার নৃত্য সংগীত ও চিত্রকর্মে রবীন্দ্রনাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখালেখির বাইরেও নানা ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান বিস্ময়কর। তিনি ছিলেন একই সঙ্গে দার্শনিক, সমাজসংস্কারক, শিক্ষাবিদ। কৃষি, পল্লি উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, ধর্মীয় বিশ্বাস, রাজনীতি—নানা বিষয়ে তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। এসব বিষয়ে তিনি যা চিন্তা করে গেছেন, তা এখনো প্রাসঙ্গিক।‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কনটেম্পরারাইজিং টেগোর অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, শান্তিনিকেতনের বিশ্বভারতী ও নয়াদিল্লির জমিয়া মিল্লিয়া (একাডেমি অব থার্ড ওয়ার্ল্ড স্টাডিজ)। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন ভারতের বিশিষ্ট সাহিত্যিক মহেশ্বেতা দেবী।তিন দিনব্যাপী এ সেমিনারে ধারণাপত্র পাঠ করেন ভারতের সার্ধশততম রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদের সদস্য অধ্যাপক মুচকুন্দ দুবে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ইমতিয়াজ আহমেদ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ধন্যবাদ জ্ঞাপন করেন বীনা সিক্রি। এ ছাড়া গতকাল সেমিনারে অংশ নেন অধ্যাপক কায়সার হক, নেদারল্যান্ডের বিশ্ববিদ্যালয় শিক্ষক ভিক্টর অ্যা. ভ্যান বিজলার্ট, ভারতের সব্যসাচী ভট্টাচার্য, স্বতী গাঙ্গুলী, চায়নার অধ্যাপক উই লিমিং।সেমিনারের পাশাপাশি মিলনায়তনের লবিতে প্রদর্শিত হচ্ছে রবীন্দ্রনাথের আঁকা প্রায় ১০০ চিত্রকর্মের প্রতিলিপি। এসব চিত্রকর্মে নদী, নারী এবং নিসর্গ ছাড়াও রয়েছে রবীন্দ্রনাথের আত্মপ্রতিকৃতি। এ ছাড়া প্রতিদিন বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে থাকবে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় ছায়ানট। এ ছাড়া সেমিনারের প্রতিদিনের অধিবেশন শুরু হবে সকাল সাড়ে নয়টায়।গতকাল বিকেলে ছায়ানট পরিবেশিত অনুষ্ঠান শুরু হয় ‘ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মিতা হক, লাইসা আহমেদ, শাহেদ ইমাম, তানিয়া মান্নান, ইলোরা আহমেদ, আজিজুর রহমান। শিল্পীরা ‘আজি শুভদিনে পিতার ভবনে’, ‘যদি তোর ডাক শুনে কেউ’, ‘তোমায় নতুন করে পাব বলে’, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ প্রভৃতি গান পরিবেশন করেন। সমবেত কণ্ঠের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।