তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। আর বালকির ‘পা’ ছবিতে অভিনয়ের জন্য ভারতীয় জাতীয় চলচ্চিত্রের জুরি বোর্ড অমিতাভ বচ্চনকে এ পুরস্কার দেয়। তবে সেরা অভিনেত্রীর পুরস্কারটি ছিনিয়ে নেন বাঙালি অভিনেত্রী অনন্যা চ্যাটার্জি। ঋতুপর্ণ ঘোষের বাংলা ছবি ‘আবহমান’-এ অভিনয়ের জন্য অনন্যা এ পুরস্কার পান। আজ বুধবার এ পুরস্কার ঘোষণা করা হয়।এবারের ৫৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাঙালিদের ছিল জয়জয়কার। ‘আবহমান’ ছবিটি পরিচালনার জন্য এবার ভারতের সেরা পরিচালকের পুরস্কারটি ছিনিয়ে নেন ঋতুপর্ণ ঘোষ। শুধু তাই নয়, ওই ছবিটি সেরা বাংলা ছবিরও পুরস্কার পায়। এদিকে ‘পা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার পান অরুন্ধতী নাগ। অপরদিকে ‘লাহোর’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার পান অভিনেতা ফারুক শেখ। সেরা অভিনেত্রী, সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার ছাড়া সেরা গায়ক ও গায়িকার পুরস্কারও পান বাঙালি শিল্পীরা। ‘মহানগর’ ছবির জন্য বাঙালি গায়ক রুপম ইসলাম সেরা গায়কের এবং ‘হাউসফুল’ ছবির জন্য নীলাঞ্জনা সরকার সেরা গায়িকার পুরস্কার পান। সেরা হিন্দি ছবি ‘পা’ হলেও সামাজিক বিষয় নিয়ে ছবি শ্যাম বেনেগালের ‘ওয়েল ডান আব্বা’ বিশেষ পুরস্কার পায়। এ ছাড়া সেরা জনপ্রিয় ছবির পুরস্কার জেতে গত বছর মুক্তি পাওয়া আমির খানের ছবি থ্রি ইডিয়েটস। এবার নতুন করে যুক্ত হয়েছে সেরা চিত্রগ্রাহকের বিভাগটি। এ বিভাগে প্রথমবারের মতো পুরস্কারটি পান অঞ্জলি শুক্লা। মালায়ালাম ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য অঞ্জলি শুক্লা এ পুরস্কারটি পান। এর মাধ্যমে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথম একজন মহিলা সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেলেন। আজ এ পুরস্কার ঘোষণা করার সময় এ কথা জানান জুরি বোর্ডের চেয়ারম্যন এবং ‘শোলে’ ছবির পরিচালক রমেশ সিপ্পি।