সেরা কণ্ঠের উপস্থাপক কোনাল
‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১২’ প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান উপস্থাপনা করবেন কোনাল। এরই মধ্যে আয়োজকদের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে। ২০০৯ সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন কোনাল। কোনাল এখন প্রায় নিয়মিতই উপস্থাপনা করছেন। তিনি বললেন, ‘উপস্থাপনা তো করছি, কিন্তু “চ্যানেল আই সেরা কণ্ঠ” প্রতিযোগিতার উপস্থাপনা আমার জন্য আনন্দের একটি ব্যাপার। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সবাই আমাকে চিনেছেন। এই আয়োজনের প্রতি আমার ভালো লাগাটাও অন্য রকম।’চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠানগুলো উপস্থাপনা করবে অভীক। তবে মূল প্রতিযোগিতা থেকে শুরু করে চূড়ান্ত পর্ব উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে কোনালকে।’২ সেপ্টেম্বর শুরু হয়েছে ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১২’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই। এবার এই প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে আছেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন ও কুমার বিশ্বজিৎ।