
নিউইয়র্কের মাদকাসক্ত এক তরুণীর বেঁচে থাকার সংগ্রাম আর তার ভালোবাসার করুণ পরিণতির প্রতিফলন নতুন আঙ্গিকে এবং খুব নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে হেভেন নো’জ হোয়াট ছবিতে। যুক্তরাষ্ট্র/ফ্রান্স যৌথ প্রযোজনার এই ছবিটি পরিচালনা করেছেন দুই তরুণ পরিচালক ভ্রাতা জোশুয়া স্যাফডি ও বেন স্যাফডি। এবার ২৭তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁদের এই ছবি পেয়েছে সর্বোচ্চ গ্রাঁ প্রি পুরস্কার। আর দুই ভাই পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার।
শ্রেষ্ঠ শৈল্পিক অবদানের পুরস্কার পেয়েছে রুশ পরিচালক আলেকসান্দর কতের সংলাপহীন ৯৫ মিনিটের ছবি টেস্ট। কোনো রকম সংলাপ ছাড়াই অপূর্ব সিনেমাটোগ্রাফি ও সংগীতের মধ্য দিয়ে পরিচালক ছবিতে ত্রিভুজ প্রেম আর সামাজিক বাস্তবতার মুখে মানুষের ভেঙে যাওয়া স্বপ্নের চমৎকার এক ছবি এঁকেছেন।
শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে পোল্যান্ডের অভিনেতা ভোইতেক সামারজোভস্কিকে। মাইটি অ্যাঞ্জেল ছবিতে মাদকাসক্ত এক লেখকের একাকিত্ব কাটিয়ে ওঠার জন্য চালিয়ে যাওয়া নিঃসঙ্গ সংগ্রাম চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জাপানি অভিনেত্রী রিয়ে মিয়াজাওয়া। পেইল মুন ছবিতে স্খলনের পথে হেঁটে যাওয়া এক গৃহবধূর চরিত্রে রূপদান করেছেন তিনি।
এশিয়ান ফিউচার বিভাগে দুই বছর ধরে এশিয়ার বিভিন্ন দেশের উঠতি তরুণ পরিচালকদের উৎসাহিত করার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। এবার এই বিভাগে সেরা ছবির পুরস্কার পেয়েছে ইরানি পরিচালক আমির হোসেন আসগারির ছবি বর্ডারলেস। এ ছাড়া একই বিভাগ থেকে কম্বোডিয়ার নারী চলচ্চিত্রকার সোথো কুলকারের দ্য লাস্ট রিলকে দেওয়া হয়েছে জাপান ফাউন্ডেশন পুরস্কার। অন্যদিকে শ্রেষ্ঠ জাপানি ছবির পুরস্কার পেয়েছে মাসাহারি তাকের পরিচালনায় নির্মিত ছবি হান্ড্রেড ইয়েন লাভ।
২৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টোকিওতে বসেছিল ২৭তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আঙ্গিক আর ছায়াছবির উপস্থাপনার দিক থেকে যে চলচ্চিত্র উৎসব হচ্ছে, তা এশিয়ার নেতৃস্থানীয়। এই উৎসবের শুরু হয়েছিল ১৯৮৫ সালে। এরপর তা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। যুক্ত হচ্ছে নানা কিছু।
উৎসবে ৯২টি দেশ থেকে এক হাজার ৩৭৩টি ছবি জমা পড়ে। এসব ছবির মধ্য থেকে মূল প্রতিযোগিতা, এশিয়ার শ্রেষ্ঠ কাহিনিচিত্রের পুরস্কার এবং জাপানি সিনেমা বিভাগের জন্য বেছে নেওয়া হয় ৩৩টি ছবি। মূল প্রতিযোগিতার ১৫টি ছবির সব কটিতে যে যোগসূত্রের সন্ধান মেলে, তা হলো সামাজিক ও পারিপার্শ্বিক চাপের মুখে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের বেঁচে থাকার সংগ্রামের প্রতিফলন। এর বাইরে দেড় শতাধিক ছবি প্রদর্শন করা হয় উৎসবে।
এবার উৎসবে ছায়াছবির প্রতিযোগিতামূলক কয়েকটি বিভাগের বাইরে আরও ছিল চলচ্চিত্র নির্মাণের সঙ্গে সম্পর্কিত ব্যবসায়িক বিভিন্ন দিকের আন্তর্জাতিক পর্যায়ের লেনদেনের সুযোগ করে দেওয়ার ভিন্ন আয়োজন টিফকম, ছায়াছবি নির্মাণ ও যৌথ প্রযোজনাসহ অন্যান্য দিকের ওপর আলোকপাত করে সেমিনার ও আলোচনা। কার্টুন ছায়াছবি ছিল একটি উল্লেখযোগ্য সংযোজন। জাপানের কার্টুন ছবির বিশিষ্ট নির্মাতা হিদেকি আন্নোর বিভিন্ন সময়ে তৈরি ছবির একটি রেট্রোস্পেকটিভ ছিল উৎসবের ব্যতিক্রমী একটি দিক।
এবার উৎসবের আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উৎসবের মহাপরিচালক ইয়াসুশি শিইনা। এই প্রতিবেদকের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন, আগামী উৎসবগুলোতে সম্প্রসারিত আকারে এশিয়ার বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার যে ব্যবস্থা রাখা হবে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণকে তিনি স্বাগত জানাবেন।
উল্লেখ্য, এবার টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে তিনটি ছবি অংশ নিয়েছে। কিন্তু এর কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টেকেনি।