দাবাং নাকি মাই নেম ইজ খান—কোন ছবির দাপটে কাঁপবে ফিল্মফেয়ার আসর? এ নিয়েই চলছিল হিসাব-নিকাশ। কিন্তু শেষ পর্যন্ত গত শনিবার রাতে মুম্বাইয়ে যশরাজ স্টুডিওতে আয়োজিত ৫৬তম ফিল্মফেয়ার আসরে মঞ্চস্থ হয়ে গেল ভিন্ন নাটক। দাবাং আর মাই নেম ইজ খান ছবির রাজত্ব তো থাকলই, সঙ্গে যোগ হলো কম বাজেটের ছবি উড়ান-এর অভাবনীয় সাফল্য। সমালোচক বিভাগে সেরা ছবি, সেরা গল্প, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা চিত্রনাট্যসহ মোট আটটি বিভাগে বাজিমাত করেছে বিক্রমাদিত্য মোতওয়ানির এই ছবি। সালমানভক্তদের জন্য দুঃসংবাদ, ফিল্মফেয়ার আসরেও সালমান নন, শেষ হাসি হাসলেন শাহরুখ খানই। মাই নেম ইজ খান ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে সেরা অভিনেতার পুরস্কার। সেরা অভিনেত্রীও একই ছবির কাজল। সেরা পরিচালক করণ জোহর। খালি হাতে ফেরেননি কারিনা কাপুর। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার (উই আর ফ্যামিলি) জিতেছেন তিনি। ইশকিয়া ছবির ব্যতিক্রমী চরিত্রটি বিদ্যা বালানকে সাফল্যের জোয়ারে ভাসিয়েছে আবারও। সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বিদ্যা। অবশ্য সালমানের দাবাংও খুব বেশি পিছিয়ে নেই। সেরা ছবি, সেরা নবীন অভিনেত্রী (সোনাক্ষী সিনহা), সেরা সংগীত (সাজিদ-ওয়াজিদ ও ললিত পণ্ডিত), সেরা অ্যাকশনসহ (বিজয়ন মাস্টার) সব মিলিয়ে পাঁচটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছে এ ছবি। এবারের ফিল্মফেয়ার পুরস্কার আসর উপস্থাপনায় ছিলেন বলিউড অভিনেতা রনবীর কাপুর ও ইমরান খান। কিংবদন্তি গায়ক মান্না দে পেয়েছেন আজীবন সম্মাননা পুরস্কার। পুরস্কারের সঙ্গে তারাঝলমলে ফিল্মফেয়ার আসরে আগত তারকাদের পোশাক-আশাকও আলোচনায় থাকবে সেটাই স্বাভাবিক। তবে এবার দেখা যাচ্ছে, বেশির ভাগ তারকার ঝোঁক ছিল ভারতীয় পোশাকের দিকেই। ভারতের সবচেয়ে পুরোনো এই চলচ্চিত্র পুরস্কার আসরে অন্য যেকোনো পোশাকের চেয়ে শাড়ি আর কোর্তারই আধিপত্য দেখা গেছে বেশি। ঐশ্বরিয়া রাই, বিদ্যা বালান, রেখা, ইশা কোপিকার এমন অনেক তারকারই পছন্দ ছিল শাড়ি। এবারের বলিউডের প্রায় সব প্রধান চলচ্চিত্র আসরে লড়াইটা মূলত চলছে শাহরুখ খানের মাই নেম ইজ খান আর সালমান খানের দাবাং ছবির মধ্যে। সুতরাং তাঁদের নিয়ে উপস্থাপকেরা মজা করার সুযোগ ছাড়বেন না সেটাই স্বাভাবিক। ফিল্মফেয়ার আসরের দুই উপস্থাপক ইমরান খান ও রনবীন কাপুর মঞ্চে অনুকরণ করে দেখিয়েছেন এই দুই ছবির দুই চরিত্রের বেশ কিছু অঙ্গভঙ্গি আর সংলাপ। ইমরান খান অনুকরণ করেছেন দাবাং ছবির সালমানকে। আর রনবীর কাপুর মাই নেম ইজ খান ছবির শাহরুখকে।আগামী ৬ ফেব্রুয়ারি রাতে সনি চ্যানেলে দেখানো হবে এই পুরস্কার নিয়ে তৈরি অনুষ্ঠানটি।