সেরা ছবিসহ ছয়টি বিভাগে ‘গেরিলা’ পুরস্কৃত
জুরি বোর্ডের মনোনয়নের পর গত সোমবার তথ্য মন্ত্রণালয় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১’ এর জন্য নির্বাচিতদের নাম চূড়ান্ত করেছে। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ সেরা ছবিসহ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। আগামী দু-একদিনের মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকাটি গেজেট আকারে প্রকাশ করা হবে জানিয়েছেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক। সেরা ছবি ‘গেরিলা’ ছাড়াও অন্যান্য বিভাগের পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন—পরিচালক নাসির উদ্দীন ইউসুফ (গেরিলা), কাহিনি মুহম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), সংলাপ নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা), অভিনেতা ফেরদৌস (কুসুম কুসুম প্রেম), অভিনেত্রী জয়া আহসান (গেরিলা), সহ-অভিনেতা আলমগীর (কে আপন কে পর), সহ-অভিনেত্রী ববিতা (কে আপন কে পর), খলনায়ক শতাব্দী ওয়াদুদ (গেরিলা) ও মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান), গীতিকার শফিক তুহিন (প্রজাপতি), সুরকার ইমন সাহা (কুসুম কুসুম প্রেম), সংগীত পরিচালক হাবিব (প্রজাপতি), গায়ক কুমার বিশ্বজিত্ (মা আমার চোখের মণি), গায়িকা ন্যান্সি (প্রজাপতি), পোশাক পরিকল্পনা শিমূল ইউসুফ (গেরিলা), রূপসজ্জা মো. আলী বাবুল (গেরিলা), শিল্প নির্দেশনা অনিমেষ আইচ (গেরিলা), চিত্রগ্রাহক অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), শিশুশিল্পী সেমন্তী (খণ্ডযুদ্ধ ’৭১), প্রামাণ্যচিত্র ‘আলবদর ও লোকনায়ক কাঙাল হরিনাথ’।