সেরা নাচিয়ে প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে নানা রকমের বাদ্যযন্ত্র। যন্ত্রসংগীতের তালে তালে আলোর ঝলকানি। কখনো আলো-ঝলমল, কখনো বা আলো-আঁধারিতে মিরপুর ইনডোর স্টেডিয়াম। উত্তেজনাপূর্ণ এই আয়োজনে গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয় ‘নাবিলা-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ চূড়ান্ত ফলাফল। তবে গতকাল রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিযোগিতার ফলাফল চূড়ান্ত হয়নি। সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ। মূল মঞ্চে তখন মুনমুন আহমেদের কোরিওগ্রাফিতে ২১ জন নৃত্যশিল্পী পরিবেশন করেন কত্থক নৃত্য। এর পরই স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দিতে আসেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও নাবিলা বুটিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীমা নবী। তাঁদের বক্তব্য শেষে নাবিলা-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২-এর সেরা ১০ প্রতিযোগী—শীতল, তুষার, মীম, প্রথমা, তন্বী, সাজিন, রাসেল, হেনা, সাবি ও মন্দিরা ‘মন চায় মন চায়’ এবং ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। দ্বৈত নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা পূর্ণিমা ও মডেল অভিনেতা আরেফিন শুভ। ২০ জন কিশোর-কিশোরীর পরিবেশনায় পুতুলনাচটি ছিল আকর্ষণীয় ও মনোমুগ্ধকর। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা নিপুণের একটি অন্য রকম পরিবেশনার পর মঞ্চে আসেন তিন প্রজন্মের নৃত্যশিল্পী রাহিজা খানম, জিনাত বরকতউল্লাহ, দীপা খন্দকার, ডলি ইকবাল, শেলী, পাপড়ি, ফাতেমা ও প্রীতি। ‘যার ছায়া পড়েছে মনের আয়নাতে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তাঁরা। এর পরই প্রতিযোগিতার তিন বিচারক মুনমুন আহমেদ, ফেরদৌস ও পূর্ণিমা মঞ্চে আসেন বিচারকের আসনে। চূড়ান্ত পর্বের ১০ প্রতিযোগী আলাদা নৃত্য পরিবেশন করেন। এরপর ছিল সোহেল ও মীম, লিখন ও নাদিয়া, ইমন ও মোনালিসার পরিবেশনা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন ইজাজ খান।