সেরা নাচিয়ে শায়লা সাবির বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর সাব্বির আহমেদের সঙ্গে বিয়ের আসরে শায়লা সাবি
বর সাব্বির আহমেদের সঙ্গে বিয়ের আসরে শায়লা সাবি

বিয়ে করলেন চ্যানেল আই সেরা নাচিয়ে খ্যাত অভিনয়শিল্পী শায়লা সাবি। গতকাল শুক্রবার রাতে ঢাকার মিরপুরের একটি রেস্তোরাঁয় ঘরোয়া পরিবেশে শায়লা সাবির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সাবির বরের নাম সাব্বির আহমেদ। পেশায় ব্যবসায়ী।
বিয়ের পর সঙ্গে সঙ্গে নিজের ফেসবুকের নামও পরিবর্তন করেছেন শায়লা। নামের পাশে স্বামীর নামের অংশ যোগ করে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অবশেষে আমি এখন “মিসেস আহমেদ”।’ বিয়ের একটি ছবিও শেয়ার করেছেন শায়লা।
প্রথম আলোর সঙ্গে আলাপে সাবি বলেন, ‘এক বছর ধরেই সাব্বির ও আমার জানাশোনা। একটা পর্যায়ে আমাদের মধ্যে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়। তারপর বিষয়টা পারিবারিকভাবে সবাইকে জানানো হলে তাঁরা আমাদের পছন্দের ব্যাপারে একমত হন। এরপরই বিয়ের সিদ্ধান্ত নিই।’
সাবি বলেন, ‘পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার। আমি সেই ভাগ্যবানদের একজন। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, ২০১২ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন শায়লা সাবি। সেখান থেকেই অভিনয়জীবন শুরু হয় তার। একের পর এক টিভি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে চলেছেন এই মডেল অভিনেত্রী। ২০১৪ সালে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’র মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শায়লা। এরই ধারাবাহিকতায় তাঁর অভিনীত ‘ঘাসফুল’ ছবিটি মুক্তি পায়। বর্তমানে তানিম রহমানের পরিচালনায় ‘আদি’ ছবিটির কাজ রয়েছে শায়লার হাতে।