সেরা নাচিয়েতে পূর্ণিমার পরিবর্তে শাওন

চ্যানেল আইয়ের নাচবিষয়ক রিয়েলিটি শো সেরা নাচিয়ের প্রথম আসরের বিচারক হিসেবে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক ফেরদৌস ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। এবার শুরু হচ্ছে সেরা নাচিয়ের প্রতিযোগিতার দ্বিতীয় আসর। এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে প্রথম আসর থেকে ফেরদৌস ও মুনমুন আহমেদ থাকলেও থাকতে পারছেন না পূর্ণিমা। তাঁর জায়গায় নতুন বিচারক হিসেবে এলেন মেহের আফরোজ শাওন। সম্প্রতি চ্যানেল আই কর্তৃপক্ষ সেরা নাচিয়ে অনুষ্ঠানের তিনজন বিচারকের নাম ঘোষণা করে।
সেরা নাচিয়ে অনুষ্ঠানের বিচারক হওয়া প্রসঙ্গে শাওন বলেন, ‘বিচার করার জন্য বিচারক হওয়া নয়। রিয়েলিটি শোগুলোতে প্রতিযোগীরা নতুন কিছু করার চেষ্টা সব সময় করে থাকেন। আর প্রতিযোগীদের নতুন দেখার এক ধরনের লোভ থেকে বিচারক হওয়া। সত্যি কথা বলতে, নতুন কিছু দেখার মধ্যে অন্য রকম একটা আনন্দ আছে।’
শাওন আরও বলেন, ‘এর আগে আমি বাংলাভিশনের নাচো বাংলাদেশ নাচো অনুষ্ঠানে বিচারক হয়েছিলাম। সেভাবে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত নিউইয়র্ক চলে যাওয়ার কারণে আর বিচারকাজের সঙ্গে যুক্ত হওয়াটা সম্ভব হয়নি। ওই সময় আমার পরিবর্তে বিচারক হয়েছিলেন রিয়া। আর আমি চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে অনুষ্ঠানের বিচারক হলাম, এটির প্রথম আসরের বিচারক ছিলেন পূর্ণিমা।’
উল্লেখ্য, মেহের আফরোজ শাওন বিটিভির নতুন কুঁড়ি অনুষ্ঠানে বাংলা ১৩৯৯ সালে লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, অভিনয় ও গান—এই পাঁচটি বিভাগে প্রথম হয়েছিলেন।
এদিকে এবারের ঈদে শাওন পরিচালিত দুটি নাটক প্রচারিত হয়েছে। এগুলো হচ্ছে ‘একজন ক্রীতদাস’ এবং অন্যটি ‘সংসার’।