সেরা নাচিয়ের চ্যাম্পিয়ন হৃদি

‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে হৃদি শেখ। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে সেরার মুকুট পরিয়ে দেওয়া হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি নতুন গাড়ি। প্রথম রানারআপ হয়েছেন মুন্সিগঞ্জের সিনথিয়া ইয়াছমিন আর দ্বিতীয় রানারআপ রংপুরের মেয়ে উম্মে হাবিবা। পুরস্কার হিসেবে তাঁদের দেওয়া হয়েছে যথাক্রমে তিন লাখ ও দুই লাখ টাকা। গতকাল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজন করা হয় ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ প্রতিযোগিতার তৃতীয় আসরের চূড়ান্ত অনুষ্ঠান।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, এএসটি বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, এসিআই গ্রুপের নির্বাহী

পরিচালক সৈয়দ আলমগীর, অতিথি বিচারক চিত্রনায়িকা পূর্ণিমা এবং প্রতিযোগিতার প্রধান বিচারক ফেরদৌস আহমেদ ও মেহের আফরোজ শাওন। হৃদিকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ইভানা।
অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেল আই রিয়েলিটি শোয়ের সংখ্যা বাড়িয়ে যাচ্ছে। এসব রিয়েলিটি শোর মাধ্যমে নাচ, গান, অভিনয়, মডেলিং ও প্রতিষ্ঠিত উদ্যোক্তা তৈরিতে তরুণদের সহযোগিতা করছে চ্যানেল আই। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাধনার নৃত্যশিল্পীদের নাচের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর রুশ কোরিওগ্রাফার এনার পরিচালনায় সেরা সাত প্রতিযোগী নৃত্য পরিবেশন করেন। মেহের আফরোজ শাওন ও চিত্রনায়ক ফেরদৌসের নাচে মুগ্ধ হন দর্শক। অতিথি বিচারক পূর্ণিমা নিজের গাওয়া একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। আরও ছিল লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিমের নাচ। তৃতীয় আসরের সেরা সাত প্রতিযোগী আলাদা আলাদা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মিম চৌধুরী।
‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’-এ প্রাথমিক পর্যায়ে সারা দেশ থেকে ৪৫ হাজার আগ্রহী নাম নিবন্ধন করেন। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত অনুষ্ঠানের জন্য নির্বাচিত হন জামালপুরের জান্নাতুল ফেরদৌস, রংপুরের উম্মে হাবিবা, মুন্সিগঞ্জের সিনথিয়া ইয়াছমিন, নোয়াখালীর তাবাসসুম নাবিলা, রংপুরের মাহাতাব হোসেন, টাঙ্গাইলের সুরাইয়া ইসলাম ও ঢাকার হৃদি শেখ।