সেরা পাঁচ-এর যুদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার হাজার প্রতিযোগী থেকে ১০০। সেখান থেকে ৪০। এরপর ১৬, ১৩। এই ১৩ জন চূড়ান্ত প্রতিযোগীর মধ্য থেকে প্রতি সপ্তাহে একজন করে বিদায় নিয়ে ইন্ডিয়ান আইডল-৫ এখন চলে এসেছে সেরা-৫-এর শেষ যুদ্ধে। বিচারক অনু মালিক, সুনিধি চৌহান, সেলিম-সোলায়মান এবার চূড়ান্ত সফল। শুরু থেকেই তাদের উদ্দেশ্য ছিল অন্যবারের মতো ‘এক্স ফ্যাক্টর’ নয়; জ্যাজ থেকে রক, সুফি থেকে চলচ্চিত্রের গান—সবই গাইতে পারবে এমন ‘দেশের আওয়াজ’ খুঁজে বের করার। সেরা-৫-এ এখন পর্যন্ত যে পাঁচজন আছেন, তাঁদের প্রায় প্রত্যেকেই যোগ্যতার দৌড়ে এগিয়ে। সুনিধি বলেন, এই পাঁচজনের কাউকেই ফেলে দেওয়ার মতো নয়। এদের মধ্যে হায়দরাবাদের শ্রীরাম চন্দ্র ইতিমধ্যেই বিচারক সেলিম এবং তাঁর জুটি সোলায়মানের সংগীত পরিচালনায় তেলেগু ছবিতে শ্রেয়া ঘোষালের সঙ্গে প্লেব্যাকও করে ফেলেছেন। শ্রেয়া স্বয়ং ইন্ডিয়ান আইডল দেখে সেলিম-সোলায়মানের কাছে শ্রীরামের নাম প্রস্তাব করেছেন। অবশ্য শ্রীরামের পাল্লা সব দিকেই ভারী। ইন্ডিয়ান আইডলের ওয়েবসাইটে একটি অনলাইন জরিপে সেরা-৫-এর মধ্যে ‘কে ইন্ডিয়ান আইডল হওয়ার যোগ্যতা রাখেন’, এমন প্রশ্নের বিপরীতে ভোট এসেছে এ রকম—শ্রীরাম (৫৫%), স্বরূপ খান (২০%), ভূমি ত্রিবেদী (১৬%), শিভাম পাঠক (৫%), রাকেশ মাইনি (৪%)। ইন্ডিয়ান আইডলেরই আরেকটি ব্লগে রয়েছে ভিন্ন ফলাফল। যদিও এখানে শ্রীরাম এগিয়ে (৪৫%)। পরবর্তী স্থানে শিভাম (১৭%), রাকেশ (১৬%), ভূমি (১৩%), স্বরূপ (৯%)। গত সপ্তাহে বাদ পড়া টিয়া কর সেরা-৩-এ দেখতে চান শ্রীরাম, শিভাম ও রাকেশকে। অভিনেতা সঞ্জয় দত্ত শ্রীরামের অন্ধ ভক্ত। একটি পর্বে শ্রীরামের গান শুনে অশ্রুসিক্ত হয়ে পড়েন সঞ্জয়। বিপাশা বসু আবার শিভামের ভক্ত। কণ্ঠসম্রাজ্ঞী আশা ভোঁসলে মনে করেন সেরা-৫-এর প্রত্যেকেই সেরা হওয়ার যোগ্যতা রাখে। তবে শ্রীরাম কিংবা রাকেশের কেউ ইন্ডিয়ান আইডল হলে তিনি সবচেয়ে বেশি খুশি হবেন। সংগীত পরিচালক প্রীতমও শ্রীরামকে ইন্ডিয়ান আইডল হিসেবে দেখতে চান। শ্রীরাম না হলে স্বরূপ খান। মেয়েদের মধ্যে একমাত্র প্রতিযোগী ভূমি ত্রিবেদীকে ইন্ডিয়ান আইডল হিসেবে দেখতে চান গতবারের বিচারক সোনালি বান্দ্রে। শোনা যাচ্ছে, অন্যবারের মতো এবার ওয়াইল্ড কার্ড এন্ট্রির সুযোগ থাকছে না। অর্থাৎ বিশ্বাস, মেঘনা, মনীষা, অর্পিতা, যশরাজ, শশী, নওশাদ, টিয়ারা দ্বিতীয়বার নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে না। যদিও তথ্যটির সত্যতা সম্পর্কে কিছুই জানাতে রাজি নয় কর্তৃপক্ষ। কে হবেন এবারের খেতাব জয়ী? ভূমি বলেন, ‘আমরা পাঁচজনই শক্ত প্রতিদ্বন্দ্বী। হট ফেবারিট শ্রীরাম শেষ পর্যন্ত শিরোপা নাও জিততে পারেন।’ রিয়েলিটি শোতে সবই সম্ভব। রাকেশ বলেন, ‘ইন্ডিয়ান আইডল হওয়া উচিত শ্রীরাম, শিভাম কিংবা আমার।’ শিভাম বলেন, ‘ইন্ডিয়ান আইডল যে কেউ হতে পারে। আলাদা করে কারও নাম বলতে চাই না।’ শ্রীরাম অবশ্য তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন শিভাম ও রাকেশকে। ওদিকে স্বরূপ সেরা-৫-এ নিজের অবস্থান নিয়েই বেশ সন্তুষ্ট। এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন না তিনি। গত সোমবার আমির খান, শারমান জোশি এবং পরিচালক রাজকুমার হিরানির উপস্থিতিতে এই সেরা-৫-এর গানের লড়াই দেখেছেন দর্শক। এই লড়াই থেকে বাদ পড়বে আরও একজন। ইন্ডিয়ান আইডল খুঁজে নেবে সেরা-৪ কে। আর আর খান(তথ্যসূত্র: ওয়েবসাইট)