সেরা পাঁচজনই নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ম্যাজিক বাউলিয়ানা’ প্রতিযোগিতার সেরা পাঁচ (বাঁ থেকে) দিতি, কনা, সাথী, বিউটি ও দীপা। ছবি: সংগ্রহ
‘ম্যাজিক বাউলিয়ানা’ প্রতিযোগিতার সেরা পাঁচ (বাঁ থেকে) দিতি, কনা, সাথী, বিউটি ও দীপা। ছবি: সংগ্রহ

এই গল্পটা পাঁচ কিশোরীর। টাঙ্গাইল জেলার মির্জাপুরের দিতি, গাজীপুর জেলার কাপাসিয়ার সাথী, পটুয়াখালী জেলার বাউফুলের কনা, গাজীপুর জেলার হরিনালের দীপা আর রাজশাহী জেলার মোহনপুরের বিউটির। কীভাবে তাঁরা উঠে এলেন সংবাদের শিরোনামে। হয়ে গেলেন বাউলিয়ানায় সেরা। সেই গল্পটাই শুনব ওঁদের কাছে। 
ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সংগীতে স্নাতকোত্তর শ্রেণিতে পড়েন দিতি। ‘একদিন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক আপু ফোনে জানালেন ম্যাজিক বাউলিয়ানার কথা। বললেন, তুই তো ভালো লোকগান করিস, জলদি রেজিস্ট্রেশন কর। নাম নিবন্ধন করলাম টাঙ্গাইল থেকে। কিন্তু অডিশন হবে ঢাকায়। ওই সময় আমার পরীক্ষা চলছিল। তাই অডিশনে যেতে পারিনি। মন খারাপ। আমার বন্ধু রুমা সাহা ময়মনসিংহ থেকে নাম নিবন্ধন করেছিল। আমাকে জানাল, সে অংশগ্রহণ করছে না। আমি ওর নিবন্ধনেই অডিশন দিই এবং পরবর্তী রাউন্ডের জন্য টিকে যাই।’ এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের মধ্যে ‘নিরীহ’ খেতাব পাওয়া দিতি সরকার ‘ম্যাজিক বাউলিয়ানা’য় প্রথম হয়েছেন।
সাথীর গল্পটাও একই রকম। ‘আমার এক পরিচিত পত্রিকায় বিজ্ঞাপন দেখে ম্যাজিক বাউলিয়ানায় নাম নিবন্ধন করেছেন। আমাকেও করতে বললেন। প্রথম অডিশনে অনেক নার্ভাস ছিলাম। বিচারক আবু বকর সিদ্দিক আমার গান শুনে বললেন আরও প্রস্তুতি নিয়ে আসতে। আরেকটা সুযোগ দিতে অনুরোধ করলাম। তাঁর সদয় হলো। তিনি আমাকে ওয়েটিংয়ে রাখলেন। তিনজন ছিলাম আমরা ওয়েটিংয়ে। নেওয়া হবে একজন। ডাক পড়ল আবার। এবার গাইলাম সাহস নিয়ে। পরবর্তী রাউন্ডের জন্য টিকে গেলাম।’ সাথী এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন।
কনা বললেন, ‘আব্বুর কাছ থেকে ম্যাজিক বাউলিয়ানার কথা জেনেছি। আমি রাজি না। কিন্তু আব্বু জোর করে নাম নিবন্ধন করালেন। আব্বুই নিয়ে গেলেন। অডিশনে টিকে গেলাম। আমি অবাক। দ্বিতীয় রাউন্ডের আগে আব্বুকে বললাম, চল, বাড়ি চলে যাই। আমাকে দিয়ে হবে না। আব্বু বললেন, চেষ্টা করতে দোষ কী! অনিচ্ছা সত্ত্বেও প্রথম রাউন্ডে গাওয়া গানই আবার গাইলাম। বিচারক যাঁরা ছিলেন, তাঁরা মুগ্ধ হলেন। গানটি ছিল “পিরিত করে জাতকুল গেল, কেউ বলে কলঙ্কিনী”। নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএর ছাত্রী কনা এই প্রতিযোগিতায় হয়েছেন তৃতীয়।
ছোটবেলা থেকেই অভিনয়, নাচ, গান সবকিছুতেই অংশগ্রহণ করেছে দীপা। ‘কিন্তু কোনোটাতেই সন্তুষ্ট না মা। তিনি আমাকে প্রায়ই বলতেন, তোকে দিয়ে কিচ্ছু হবে না। টেলিভিশনে বিজ্ঞাপন দেখে নাম নিবন্ধন করলাম। তারপর ধীরে ধীরে চূড়ান্ত পর্ব পর্যন্ত উঠে এলাম। প্রতিযোগিতার একটি পর্বে মঞ্চে উঠে আমার সঙ্গে গান গাইলেন তপন চৌধুরী স্যার। চূড়ান্ত পর্বে চতুর্থ হিসেবে আমার নাম ঘোষণা করা হলো। আমি তখন কেঁদে ফেললাম। মঞ্চ থেকে নামার পর মা বললেন, নিরাশ হওয়ার কিছু নেই, আমরা তোর সাথে আছি।’
রাজশাহীর মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন বিউটি। তাঁর কণ্ঠে ভাওয়াইয়া গানটা বেশ যায়। ‘একদিন পরিচিত এক বড় ভাই খুব সকালে ফোন দিয়ে বললেন, তুমি তো ভালো ফোক গাও। ম্যাজিক বাউলিয়ানাতে অডিশন দাও। কথা মতো কাজ। তারপর বিভিন্ন রাউন্ড উতড়ে এই পর্যন্ত আসা। “ও কি মুইশালও” গানটা বেশি গাইতে হতো আমাকে। তবে কনকচাঁপা ম্যাম আমার কণ্ঠে “মায়ের মতো দরদিয়া নাইরে দুনিয়ায়” গানটি শুনে কেঁদে ফেলেছিলেন।’ বিউটি ম্যাজিক বাউলিয়ানায় পঞ্চম হয়েছেন।
গল্প শেষে জানতে চাই, কার কী স্বপ্ন। দিতি, কনা ও বিউটি স্বপ্ন দেখে পুরোপুরি একজন শিল্পী হওয়ার। তবে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বাংলায় স্নাতক শেষ বর্ষের ছাত্রী সাথী লোকগানটাকে কণ্ঠে আরও পরিশীলিত করতে চাইলেও টিভি উপস্থাপক হওয়ার ইচ্ছাটাও তাড়িয়ে বেড়ায় তাঁকে। একই স্বপ্ন দেখে গাজীপুর সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রী দীপা। তবে উপস্থাপক নয়, দীপা চায় টিভির সংবাদ পাঠক হতে। সুন্দর করে কথা বলতে।
সম্প্রতি মাছরাঙা টিভিতে শেষ হয়েছে বাউল গান নিয়ে প্রতিযোগিতা ‘বাউলিয়ানা’। লোকগান নিয়ে প্রতিভা অম্বেষণের এই আয়োজন ম্যাজিক বাউলিয়ানার সবচেয়ে বড় ম্যাজিক চূড়ান্ত পর্বে উঠে আসা পাঁচ কিশোরী। তাঁদের মতে, নারীরা এখন সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিরোধীদলীয় নেত্রী, মহাজোটের নেত্রী—সবাই নারী। ম্যাজিক বাউলিয়ানায় শীর্ষে আমাদের পাঁচজনের উঠে আসাটা তারই ধারাবাহিকতা।