সেরা পাওয়ার ভয়েস সজল
চ্যানেল নাইনের রিয়েলিটি শো পাওয়ার ভয়েসের সেরার মুকুট জিতে নিয়েছেন সজল। গতকাল শনিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হয় পাওয়ার ভয়েসের গ্র্যান্ড ফিনালে।নানা ধাপ পেরিয়ে সেরা ছয় প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় পাওয়ার ভয়েসের চূড়ান্ত পর্ব। বিচারক ও পাঠকদের ভোটে অন্য পাঁচজনকে পেছনে ফেলে সেরা হয়েছেন সজল। আর যৌথভাবে রানারআপ হয়েছেন কর্নিয়া ও ইভা। তৃতীয় স্থান অধিকার করেছেন রাজু।পাওয়ার ভয়েসে সেরা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রথম আলো ডটকমকে সজল বলেন, ‘ভাবিনি প্রথম হব। আমার কাছে সেরা ছয়ে আসাটাই অনেক বড় অর্জন মনে হয়েছে। তবে গতকাল রাতে যখন চূড়ান্ত বিজয়ী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়, বিশ্বাসই করতে পারিনি। এ এক অসাধারণ অনুভূতি, যা ভাষায় প্রকাশ করতে পারার মতো নয়।’ বিজয়ী হিসেবে সজল পেয়েছেন ১০ লাখ টাকা ও একটি নতুন গাড়ি। প্রথম ও দ্বিতীয় রানারআপ পেয়েছেন যথাক্রমে পাঁচ লাখ ও তিন লাখ টাকা।এ ছাড়া, সেরা পাঁচ পাওয়ার ভয়েস প্রতিযোগী পাবেন ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার এবং জি-সিরিজ থেকে নতুন অ্যালবাম প্রকাশের সুযোগ।এ বছরের পাওয়ার ভয়েস গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে শীর্ষ ১১ জন প্রতিযোগী গান গাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি পরিবেশনায় অংশ নেন। গ্র্যান্ড ফিনালেতে পাওয়ার ভয়েসের সূচনাসংগীত পরিবেশন করেন মিলা ও ইবরার টিপু। একটি গানের সঙ্গে পরিবেশনায় অংশ নেন আঁখি আলমগীর। এ অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার ও ইমন সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। আর অনুষ্ঠানটি পরিচালনা করেন তানভীর খান।‘লুকিয়ে নয় এবার গাও চুটিয়ে’ স্লোগান নিয়ে গত বছরের শেষের দিকে শুরু হয়েছিল পাওয়ার ভয়েস ২০১২। দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত হয় ‘পাওয়ার ভয়েস ২০১২’ প্রতিযোগিতার প্রাথমিক বাছাই কার্যক্রম। সারা দেশ থেকে চল্লিশ হাজার প্রতিযোগী ‘পাওয়ার ভয়েস ২০১২’ প্রতিযোগিতায় নাম নিবন্ধন করেন।