সেরা প্রতিভা উপস্থাপনায় নওশীন-নাবিলা
নওশীন ও নাবিলা— দুজনই উপস্থাপক। তবে এ দুজনের একসঙ্গে কোনো অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতা নেই। এবারই প্রথম এই দুই উপস্থাপিকা একসঙ্গে দর্শকের সামনে হাজির হচ্ছেন। সংগীতপ্রতিভা অন্বেষণের ভিন্নধর্মী আয়োজন ‘রবি সেরা প্রতিভা’র দ্বিতীয় রাউন্ডের শেষ পর্বে তাঁদের দুজনকে একসঙ্গে উপস্থাপনা করতে দেখা যাবে। শুধু তা-ই নয়, অনুষ্ঠানের মূল বিচারক ফুয়াদ আল মুক্তাদির ও হৃদয় খানের সঙ্গে অতিথি বিচারক হিসেবেও দেখা যাবে নওশীনকে।উল্লেখ্য, তরুণদের মধ্য থেকে সংগীতপ্রতিভা খুঁজে বের করতে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি শুরু করে ‘রবি সেরা প্রতিভা’ কর্মসূচি। সরাসরি ও মুঠোফোনের ভয়েস আপলোড এবং অডিশনের মাধ্যমে সংগীতপরিচালক ফুয়াদ আল মুক্তাদির সারা দেশ থেকে ৩০ জন প্রতিভাবান কণ্ঠশিল্পী বাছাই করেছেন। তাঁদের মধ্যে এখন লড়াই চলছে। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বিজয়ীরা ফুয়াদের পরবর্তী অ্যালবামে গান গাওয়ার সুযোগ পাবেন। নওশীন ও নাবিলাকে একসঙ্গে উপস্থাপনায় দেখা যাবে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আটটায় মাছরাঙা টেলিভিশনে।