সেরা মা ক্রিস্টেন স্টুয়ার্ট!
বাস্তবে মা হওয়ার আগেই যুক্তরাজ্যের এম্পায়ার সিনেমাস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে সেরা মা নির্বাচিত হয়েছেন ‘টোয়াইলাইট’খ্যাত মার্কিন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট।গত বছর মুক্তি পাওয়া ‘টোয়াইলাইট’ সিরিজের সর্বশেষ ছবিতে মায়ের চরিত্রে অভিনয়ের সুবাদেই রুপালি পর্দার সেরা মা হওয়ার স্বীকৃতি পেয়েছেন ২২ বছর বয়সী এ তারকা। গত বেশ কিছুদিন ধরেই নির্মাতা রুপার্ট স্যান্ডারসের সঙ্গে পরকীয়া কিংবা প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কের দোটানার কারণে ঘন ঘন খবরের শিরোনাম হয়ে আসছিলেন ক্রিস্টেন। এবারে একটু ভিন্ন ধরনের খবরের শিরোনামেই এলেন তিনি। জরিপে ৮৯ শতাংশ ভোট পেয়ে রুপালি পর্দার সেরা মা নির্বাচিত হয়েছেন ক্রিস্টেন। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘ডেইলি স্টার’ পত্রিকা। জরিপের ফলাফলে ক্রিস্টেন পেছনে ফেলেছেন অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপকে। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘মামা মিয়া’ ছবিতে এক মায়ের ভূমিকায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মেরিল। আর ‘হ্যারি পটার’ সিরিজের ছবিতে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য তালিকায় ৩য় স্থানে ঠাঁই পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী জুলি ওয়াল্টার্স।