সেরা রোমান্টিক দৃশ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুত বেগে ধেয়ে চলছে বিরাটাকায় জাহাজ। জলযানটির একেবারে সম্মুখভাগে এক যুগল নিশ্চুপ দাঁড়িয়ে। দুই জোড়া চোখ যেন কথায় মত্ত। হঠাৎ মেয়েটি জাহাজের সামনের দিকে ঘুরে দাঁড়াল। পাখির ডানার মতো হাত দুটি দিল মেলে। ধীর লয়ে এগিয়ে এল প্রেমিক। প্রেয়সীর হাতে রাখল হাত। এক জোড়া মানুষ যেন মর্ত্য ছেড়ে উড়াল দিল। শেষ বিকেলের সোনামাখা আলো সেই দৃশ্যকে আরও মোহময় করে তোলে। টাইটানিক ছবির বিখ্যাত সেই দৃশ্যের কথা বলছিলাম। লিওনার্দো ডি ক্যাপ্রিও ও কেট উইন্সলেট জুটির ওই দৃশ্যটি সর্বকালের সেরা রোমান্টিক দৃশ্য হিসেবে ঠাঁই করে নিয়েছে। সম্প্রতি ইতালিতে করা এক জরিপ থেকে এ তথ্য বেরিয়ে এসেছে। দর্শকদের বিচারে দ্বিতীয় সেরা রোমান্টিক দৃশ্য নির্বাচিত হয়েছে লাভ অ্যাকচুয়ালি ছবির একটি দৃশ্য। ওই দৃশ্যে অ্যান্ড্রু লিংকন ইশারা ভাষায় কেইরা নাইটলিকে প্রেম নিবেদন করেছিলেন। ওয়েবসাইট।