
ব্রাজিলের চলচ্চিত্র পরিচালক রবের্তো বার্লিনার ডকুমেন্টারি ছবির জগতে বিচরণ করছেন প্রায় চার দশক ধরে। ব্রাজিলের তিন পথশিশু অন্ধ বালিকা বোনদের নিয়ে তৈরি তাঁর প্রামাণ্য ছবি বর্ন টু বি ব্লাইন্ড আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। প্রশংসা কুড়িয়েছে বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত একজন রক-সংগীত তারকার পরবর্তী জীবনের ওপর আলোকপাত করা তাঁর আরেকটি প্রামাণ্য ছবি। সমাজ ও পারিপার্শ্বিকতা যাদের জীবনের প্রান্তিক পর্যায়ে ঠেলে দিয়েছে, সে রকম লোকজনের বেঁচে থাকার সংগ্রাম হচ্ছে রবের্তো বার্লিনারের প্রামাণ্য ছবির মূল বিষয়বস্তু।
দীর্ঘ সময় ধরে ডকুমেন্টারি ছবি তৈরি করার পর ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো কাহিনি চিত্র নির্মাণে উদ্যোগী হন। তাঁর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্যের কাহিনিচিত্র হচ্ছে নিসে-উন্মাদনার গভীরে। ব্রাজিলে মানসিক রোগের এক চিকিৎসক নিসে দে সিলভেইরা হচ্ছেন ছবির পেছনের মানুষ, যিনি ব্রাজিলের সমাজে মানসিক রোগের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসেন। এর আগে দেশে মানসিক রোগের চিকিৎসা বলতে বৈদ্যুতিক শক দেওয়া ও মারধর করা ছিল চিকিৎসার আবশ্যকীয় অংশ। চিকিৎসক নিসে সেই অমানবিক চিকিৎসার জগতে নিয়ে আসেন দরদি মানবিকতার ছোঁয়া। তা দিয়ে চিকিৎসাব্যবস্থাকেই তিনি বদলে দেননি, সেই সঙ্গে মানসিক রোগীরাও এর মধ্যে দিয়ে পেয়েছে মানুষ হিসেবে বেঁচে থাকার মর্যাদা। ছবিটি এবার টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতে নিয়ে উৎসবকেও করেছে মহিমান্বিত।
একই সঙ্গে নিসের ভূমিকায় অসাধারণ অভিনয়ের জন্য ব্রাজিলের বিখ্যাত অভিনেত্রী গ্লোরিয়া পিরেস পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে আন্তর্জাতিক জুরিদলের প্রধান ব্রায়ান সিঙ্গার বলেছেন, মূল প্রতিযোগিতার জন্য নির্বাচিত সব কটি ছবি খুবই উন্নত মানের হলেও কোন ছবিকে শ্রেষ্ঠ ছবি হিসেবে বেছে নেওয়া হবে, সেই প্রশ্নে ছয় সদস্যের জুরিবোর্ডে ভিন্নমত আদৌ লক্ষ করা যায়নি।
রবের্তো বার্লিনারের ছবিকে পুরস্কৃত করার মধ্যে দিয়ে গত ৩১ অক্টোবর শেষ হয়েছে ১০ দিন ধরে চলা ২৮তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। অন্যান্য বিভাগের পুরস্কারের মধ্যে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন তুরস্কের ছবি কোল্ড অব কালান্দার-এর নির্মাতা মুস্তাফা কারা। এশিয়ার উঠতি পরিচালকদের তৈরি ছবির বিভাগে শ্রেষ্ঠ ছবির পুরস্কার পেয়েছে থাইল্যান্ডের পরিচালক পিম্পাকা তোইরার ছবি দ্য আইল্যান্ড ফিউনারেল। জাপানি বিভাগে শ্রেষ্ঠ ছবি নির্বাচিত হয়েছে তরুণ পরিচালক হিরোশি শোজির কেন অ্যান্ড কাজু।
চলচ্চিত্রশিল্পে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে যে দুই বিখ্যাত ব্যক্তিত্বকে এ বছর সামুরাই পুরস্কারে ভূষিত করে বিশেষ সম্মাননা দেওয়া হয়, তাঁরা হলেন জাপানের বর্ষীয়ান পরিচালক ইওজি ইয়ামাদা ও হংকংয়ের চলচ্চিত্র নির্মাতা জন উ।