
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দুজন। তারা দুজনই সাংস্কৃতিক বিভাগের সংগীত শাখার প্রতিযোগী।
গতকাল মঙ্গলবার বিকেলে শিশু একাডেমী আয়োজিত বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৪’ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
চ্যম্পিয়ন দুজন ঝিনাইদহ জেলার তানজিম তাবাসুম এবং রাজবাড়ী জেলার তৌকির আহমেদ। তানজিম তাবাসুম ‘ক’ বিভাগে মোট তিনটি শাখায় প্রথম হয়েছে। বিভাগগুলো হলো: নজরুলসংগীত, উচ্চাঙ্গসংগীত ও রবীন্দ্রসংগীত। তৌকির আহমেদ ‘খ’ বিভাগে দুটি শাখায় প্রথম হয়েছে। শাখা দুটি হলো: দেশাত্মবোধক ও ভাওয়াইয়া-ভাটিয়ালি-পল্লিগীতি। আর নজরুলসংগীতে দ্বিতীয় হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, সব শিশুর সমান অধিকারের জন্য শিশুনীতি প্রণয়ন করা হয়েছে। শিশুর মেধাবিকাশের সঙ্গে সম্পৃক্ত সব কাজকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ সময় মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ পথশিশুদের জন্য শিশু একাডেমীকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করার জন্য আহ্বান জানান।
সারা দেশের ৬৪টি জেলাকে আটটি অঞ্চলে ভাগ করে এ বছর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা শুরু হয়েছিল জানুয়ারি মাসে এবং শেষ হয় ১ মার্চ। মেধা-মননভিত্তিক মোট ৫৫টি বিষয়ে বয়স অনুসারে ‘ক’ ও ‘খ’ দুটি বিভাগে শিশুরা অংশ নিয়েছে। অনুষ্ঠানে ১৬৫ জন শিশুকে পদক ও সনদ দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন মহিলা ও সংস্কৃতিবিষয়ক সচিব তারিক-উল ইসলাম।