সেরাকণ্ঠ ইমরানের মন
‘মন’ নামের একক অ্যালবাম নিয়ে বাজারে আসছেন চ্যানেল আই সেরাকণ্ঠ ২০০৮-এর প্রথম রানার্স-আপ ইমরান। সেরাকণ্ঠ হওয়ার পর রংধনু নামের একটি মিক্সড এবং একটি দ্বৈত অ্যালবাম বাজারে এসেছিল ইমরানের। দ্বৈত অ্যালবামে ইমরানের সঙ্গে সহশিল্পী ছিলেন চ্যানেল আই সেরাকণ্ঠের আরেক প্রতিযোগী শারমিন। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এরই মধ্যে পাঁচটি গানের ধারণকাজ সম্পন্ন হয়েছে। গানগুলো হচ্ছে—‘মন’, ‘দোটানা’, ‘স্বপ্নলোক’ ও ‘মনের গহিনে’। বাকি গানগুলোর কাজও খুব দ্রুতগতিতে চলছে। মাসখানেকের মধ্যে পুরো অ্যালবামটি চূড়ান্ত হয়ে যাবে। অ্যালবামে সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন ইবরার টিপু, আরফিন রুমী, মাহমুদ সানি ও ইমরান নিজে।নতুন অ্যালবাম প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমার আসলে দীর্ঘদিনের স্বপ্ন ছিল সংগীত পরিচালক হিসেবে কাজ করার। অবশেষে নিজের প্রথম একক অ্যালবামের মধ্য দিয়ে সেটা হলো। আসলে এ জন্য বেশ ভালো লাগছে।’ নতুন বছরের শুরুতে অ্যালবামটি বাজারে ছাড়া হবে বলে জানা গেছে।