সেরাকণ্ঠের বাছাই শুরু ২ সেপ্টেম্বর
চ্যানেল আই সেরাকণ্ঠের প্রাথমিক বাছাইপর্ব শুরু হচ্ছে আগামী ২ সেপ্টেম্বর। এরই মধ্যে নাম নিবন্ধনের কাজ শেষ হয়েছে। দেশের সাতটি বিভাগ থেকে এ প্রতিযোগিতায় অংশ নিতে নাম নিবন্ধন করেছেন ৬৫ হাজার প্রতিযোগী। জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ। চ্যানেল আই সেরাকণ্ঠের এবারের মৌসুমের সম্প্র্রচার শুরু হবে অক্টোবর মাসে। এবার প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন, সৈয়দ আব্দুল হাদী ও কুমার বিশ্বজিত্। আর বিভাগভিত্তিক বিচারকাজ সম্পাদন করবেন শিল্পী শাম্মী আখতার, রিজিয়া পারভীন, চন্দন দত্ত, ফাতেমা-তুজ-জোহরা, অনুপ বড়ুয়া ও সুজিত মোস্তফা। পুরো অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন ইজাজ খান স্বপন। ২ সেপ্টেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এবং ৬ সেপ্টেম্বর রাজশাহীর শিল্পকলা একাডেমিতে ওই দুই বিভাগের প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। অন্যান্য বিভাগের প্রাথমিক বাছাইপর্বের তারিখ পরে জানানো হবে। সেপ্টেম্বর মাসের মধ্যেই সব বিভাগের প্রাথমিক বাছাইপর্ব শেষ হবে।