সেরাকণ্ঠের ৩ বিচারকের সম্মানে হেলিকপ্টার!
চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার তিন বিচারক সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন ও কুমার বিশ্বজিৎ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপে উড়ে আসবেন অনুষ্ঠানস্থল মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে। এবারই প্রথম একসঙ্গে কোনো প্রতিযোগিতার প্রধান তিন বিচারকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তাঁরা।বিমানবন্দর থেকে চ্যানেল আই সেরাকণ্ঠের তিন বিচারককে বহনকারী হেলিকপ্টারটি আজ সোমবার বেলা তিনটা ৪০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কথা নিশ্চিত করেছেন প্রতিযোগিতার পরিচালক ইজাজ খান স্বপন। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘যেহেতু এই তিন স্বনামধন্য ব্যক্তি প্রতিযোগিতার মূল বিচারক, তাই তাঁদের প্রতি বিশেষভাবে সম্মান দেখানোর জন্যই এই আয়োজন।’স্বপন আরও বলেন, ‘বাংলাদেশের বিভাগীয় শহর থেকে অংশ নেওয়া প্রায় ৬৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে প্রথমে ১২৫ জনকে বাছাই করা হয়। এরপর কয়েক ধাপে সেখান থেকে চূড়ান্ত পর্বের জন্য ৬৫ জনকে মনোনীত করা হয়েছে। এদের নিয়ে আজ থেকে প্রধান তিন বিচারক মূল পর্বের শুটিং করবেন।সারা দেশ থেকে প্রতিযোগী বাছাইয়ে যে বিচারকেরা জড়িত ছিলেন তাঁরা হলেন: ফাতেমা-তুজ-জোহরা, আরকামুল ইসলাম, শাম্মী আকতার, অনুপ বড়ুয়া, সুজিত মোস্তফা ও চন্দন দত্ত।চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১২ প্রতিযোগিতাটি প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে। ২২ নভেম্বর প্রচারিত হবে চ্যানেল আই সেরাকণ্ঠ-২০১২ প্রতিযোগিতার মূল পর্ব। উপস্থাপনায় রয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠ-২০০৯ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সোমনূর মুনির কোনাল।