সেরাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলচ্চিত্রশিল্পীদের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বরাবরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯। ২৩ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ প্রদান উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, এবার ২৬টি ক্যাটাগরিতে ২৮ জনকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ দেওয়া হবে। এর মধ্যে দুটি ক্যাটাগরিতে যুগ্মভাবে পুরস্কার পাবেন চারজন। তিনি আরও জানান, এবার আজীবন সম্মাননা দেওয়া হবে বিশিষ্ট অভিনেত্রী সুলতানা জামানকে। স্মারক সম্মাননার সঙ্গে তিনি পাবেন এক লাখ টাকার সম্মানী।জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯-এ পুরস্কারপ্রাপ্ত অন্য শিল্পীরা হলেন—সেরা অভিনেতা যৌথভাবে ফেরদৌস (গঙ্গাযাত্রা) ও চঞ্চল চৌধুরী (মনপুরা)। সেরা অভিনেত্রী সাদিকা পারভীন পপি (গঙ্গাযাত্রা)। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা শহিদুল আলম সাচ্চু (বৃত্তের বাইরে)। পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী নিপুণ (চাঁদের মতো বউ)। খল চরিত্রে সেরা অভিনেতা মামুনুর রশীদ (মনপুরা)। সেরা কৌতুক অভিনেতা এ টি এম শামসুজ্জামান (মন বসে না পড়ার টেবিলে)। সেরা পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড (গঙ্গাযাত্রা)। সেরা ছবি মনপুরা (অঞ্জন চৌধুরী পিন্টু—মাছরাঙা)। সেরা সংগীত পরিচালক আলম খান (এবাদত)। সেরা সুরকার কুমার বিশ্বজিত্ (স্বামী-স্ত্রীর ওয়াদা)। সেরা নৃত্য পরিচালক তানজিল (আমার প্রাণের প্রিয়া)। সেরা শিশুশিল্পী সৈয়দা অহিদা সাবরিনা (গঙ্গাযাত্রা)। বিশেষ শাখায় শিশুশিল্পী জারকান (প্রিয়তমেষু)। সেরা কাহিনিকার সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড (গঙ্গাযাত্রা)। সেরা চিত্রনাট্যকার গিয়াসউদ্দিন সেলিম (মনপুরা)। সেরা সংলাপ রচয়িতা মুজতবা সউদ (চাঁদের মতো বউ)। সেরা পুরুষ সংগীতশিল্পী কুমার বিশ্বজিত্ (স্বামী-স্ত্রীর ওয়াদা)। সেরা নারী সংগীতশিল্পী যৌথভাবে চন্দনা মজুমদার ও কাজী কৃষ্ণকলি ইসলাম (মনপুরা)। সেরা গীতিকার কবির বকুল (স্বামী-স্ত্রীর ওয়াদা)। সেরা চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান—রঙিন (বৃত্তের বাইরে)। সেরা শব্দ গ্রাহক সুজন মাহমুদ (বৃত্তের বাইরে)। সেরা সম্পাদক জুনায়েদ হালিম (বৃত্তের বাইরে)। সেরা শিল্পনির্দেশক মোহাম্মদ কলন্তর (গঙ্গাযাত্রা)। সেরা মেকআপম্যান খলিলুর রহমান (গঙ্গাযাত্রা)। সেরা পোশাক ও সাজসজ্জা দিলীপ সিং (গঙ্গাযাত্রা)।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্যসচিব হেদায়েতউল্লাহ আল মামুনসহ অন্য সচিবেরা।পুরস্কার দেওয়ার ফাঁকে ফাঁকে থাকবে শিল্পীদের মনোমুগ্ধকর নানা পরিবেশনা। পারফরমেন্সে দর্শকদের সামনে নিজেদেরকে সেরা প্রমাণের জন্য বর্তমানে শিল্পীরা মহড়ায় ব্যস্ত। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী শমী কায়সার।বাংলাদেশ টেলিভিশন চলচ্চিত্র পুরস্কার দেওয়ার এ অনুষ্ঠানটি সরাসরি দেখাবে।