সেরার সম্মান পেলেন মাধুরী, সুস্মিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাওয়ার ব্র্যান্ডস হল অব ফেম সম্মাননা পেলেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও সুস্মিতা সেন। অভিনয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে প্লাটিনাম ডিভা সম্মাননা দেয়া হয়েছে মাধুরীকে। আর সেরা নারী উদ্যোক্তা হিসেবে ওম্যান এন্টারপ্রেনার সম্মাননা পেয়েছেন সুস্মিতা সেন। ২৫ জুন সোমবার রাতে দিল্লির ‘কিংডম অব ড্রিমস’ থিয়েটারে পাওয়ার ব্র্যান্ডস হল অব ফেম পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে প্ল্যানম্যান ইন্ডিয়া। সফলভাবে ‘আই অ্যাম শি’ প্রতিষ্ঠানটি চালানোর জন্য সেরা নারী উদ্যোক্তার সম্মাননা দেয়া হয় সুস্মিতাকে। আর ভারতীয় চলচ্চিত্রে নিজেকে অন্যতম সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার স্বীকৃতি হিসেবে মাধুরী পেয়েছেন প্লাটিনাম ডিভা সম্মাননা। জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাধুরী বলেছেন, ‘এই সম্মাননা পাওয়ার পর আমি অনেক গর্বিত ও সম্মানিত বোধ করছি। এই সম্মাননা আবারও প্রমাণ করল যে, আজও সবাই আমাকে শ্রদ্ধার চোখে দেখেন। অনেক পরিশ্রমের পর আজকের এ অবস্থানে এসেছি আমি।’ অন্যদিকে সুস্মিতা বলেছেন, ‘এই সম্মাননা দেয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী খেতাব জয়ের পর আমার জীবনের নতুন এক পথ চলা শুরু হয়েছে যা এখনও চলছে। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে আমার বলিউডে অভিষেক ঘটে। বছর দুয়েক আগে আই অ্যাম শি প্রতিষ্ঠানটি খুলি।’সুস্মিতা আরও বলেন, ‘ভারতীয় নারীদের সৌন্দর্যের কদর রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। কিন্তু সুযোগের অভাবে অনেক নারীই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছেন না। মূলত তাঁদেরকে সুযোগ করে দেয়ার উদ্দেশেই আই অ্যাম শিয়ের জন্ম। এবারে সেই প্রতিষ্ঠানের জন্যই সেরা নারী উদ্যোক্তার সম্মাননা পেয়ে আমি অনেক আনন্দিত।’এ আসর থেকে আরও পুরস্কৃত হয়েছেন বলিউডের তারকা পরিনীতি চোপড়া, প্রতীক বাব্বর, বর্ষীয়ান মঞ্চ-অভিনেতা টম অলটার, সদ্য মিস এশিয়া প্যাসিফিক খেতাব জয়ী হেমাঙ্গিনি সিং জাদু, তারকা রন্ধনশিল্পী বিকাশ খান্না প্রমুখ।