সেরে উঠছেন আইয়ুব বাচ্চু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। প্রথম আলো ডটকমকে আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থা উন্নতির বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই মোহাম্মদ জাকারিয়া। আজ বৃহস্পতিবার সকালে স্কয়ার হাসপাতালে তিনি বিষয়টি নিশ্চিত করেন। প্রথম আলো ডটকমকে মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘চিকিত্সকের মাধ্যমে জানতে পেরেছি, ভাইয়া এখন পুরোপুরি শঙ্কামুক্ত। আজ বৃহস্পতিবার বিকেলে অথবা কাল শুক্রবারের যে কোনো সময়ে ভাইয়াকে বাসায় নেওয়া সম্ভব হবে।’ আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি প্রসঙ্গে চিকিত্সক আবদুল্লাহ আল জামিল প্রয়োজনীয় সব ধরনের চিকিত্সাসেবা অব্যাহত রয়েছে জানিয়ে প্রথম আলো ডটকমকে বলেন, ‘ফুসফুসে পানি জমার কারণে আইয়ুব বাচ্চুর শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় সমস্যা হয়েছিল। প্রথমদিকে যে আশঙ্কা ছিল তা পুরোপুরি কেটে গেছে। তাঁর অবস্থার এখন বেশ উন্নতি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শ্বাসকষ্টজনিত সংকট কাটলেও আপাতত তাঁকে বেশ কিছুদিন বিশ্রামেই থাকতে হবে।’ আইয়ুব বাচ্চুর হঠাত্ এই অসুস্থতার কারণে তাঁর বেশ কয়েকটি নির্ধারিত কনসার্ট বাতিল করতে হয়েছে। এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির ব্যবস্থাপক শামীম বলেন, ‘বাচ্চু ভাইকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকেরা। আর তাই বাচ্চু ভাইয়ের হঠাত্ অসুস্থতায় বেশ কয়েকটি কনসার্ট বাতিল করার সিদ্ধান্ত নিতে হয়েছে। কনসার্টগুলো বাতিলের সিদ্ধান্তে আইয়ুব বাচ্চু সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।’ উল্লেখ্য, হঠাত্ করে অসুস্থ বোধ করায় গত মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন আইয়ুব বাচ্চু। হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) কার্ডিওলজিস্ট আবদুল্লাহ-আল জামিলের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন তিনি।