সেলফি পেল শিল্পের মর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের ছবি তুলছেন মিস্টার বিন
নিজের ছবি তুলছেন মিস্টার বিন

সারা পৃথিবী একদিকে সেলফি-জ্বরে আক্রান্ত, অন্যদিকে সেলফি জিনিসটাকে সহ্যই করতে পারেন না এমন মানুষের সংখ্যাও কম নয়। ‘মিস্টার বিন’ সিরিজে অভিনেতা রোয়ান এটকিনসন যখন নিজ ক্যামেরায় নিজের ছবি তুলতেন তখনো একে সেলফি বলা হতো না। এরও বহু আগে খ্যাতিমান চিত্রকরেরা যখন আঁকতেন নিজের মুখ, সেগুলোকে বলা হতো আত্মপ্রতিকৃতি। এ যুগে মোবাইল ফোনের ক্যামেরায় নিজের ছবি তোলাকে বলা হচ্ছে ‘সেলফি’।

প্রথম সেলফি তোলা বানর
প্রথম সেলফি তোলা বানর

২০১৩ সালে ‘সেলফি’ শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে অক্সফোর্ড অভিধানে। ২০১৭ সালে এসে সেলফির কপালে জুটেছে শিল্পের স্বীকৃতি। লন্ডনের সাচি গ্যালারিতে গত শুক্রবার শুরু হয়েছে আঁকা আত্মপ্রতিকৃতি ও সেলফির প্রদর্শনী ‘ফ্রম সেলফি টু সেল্ফ এক্সপ্রেশন’। প্রয়াত খ্যাতিমান চিত্রশিল্পীদের নিজের আঁকা পোর্ট্রেট থেকে শুরু করে মুখমণ্ডলের নানা অনুভূতি, আবেগ ও অভিব্যক্তির আঁকা ছবি এবং মোবাইল ফোনে তোলা সেলফি প্রদর্শিত হয়েছে সেখানে। একে বলা হচ্ছে ইতিহাসের প্রথম সেলফি প্রদর্শনী।

লন্ডনের সাচি গ্যালারিতে ছবি দেখছেন এক দর্শক
লন্ডনের সাচি গ্যালারিতে ছবি দেখছেন এক দর্শক

সতেরো শ শতকের হল্যান্ডের শিল্পী রেমব্রান্টের আঁকা ডজন খানিক আত্মপ্রতিকৃতি রয়েছে এই প্রদর্শনীতে। বড় পর্দায় প্রদর্শিত সেসব ছবিতে সামাজিক মিডিয়ার মতো লাইক দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহাম এবং টিভি তারকা কিম কারদাশিয়ানের সেলফি। এমনকি প্রথম সেলফি তোলা বানরটির ছবিও স্থান পেয়েছে সেখানে।

শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ-এর আত্মপ্রতিকৃতি
শিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ-এর আত্মপ্রতিকৃতি

সাচি গ্যালারির প্রধান নির্বাহী নাইজেল হাস্ট বলেছেন, ‘আধুনিক সময়ের সেলফিগুলো একদমই আলাদা। লোকে আমাদের কীভাবে দেখে সেটার বদলে সেলফিগুলোতে ফুটে ওঠে আমরা কে এবং কেমন, সেটি। কেননা বেশির ভাগ সেলফিই তোলা হচ্ছে ছুটির দিনে বেড়াতে যাওয়া সুন্দর সুন্দর সব জায়গায়। আটপৌরে জীবনের বাইরে কাটানো সময়ের সেসব ছবিতে মানবিকতা নয়, বরং ‘নিজেকে’ দেখানো ও বিশ্বাস করানোর চেষ্টা থাকে।’
এসব প্রপঞ্চ নিয়ে গবেষণা করা ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক ড্যানিয়েল মিলার বলেছেন, মানুষ সামাজিক মিডিয়াটিকে এমন বানিয়ে ফেলেছে যে, সেলফির মাধ্যমে নিজেকে তুলে ধরাই তাঁদের কাজ। দক্ষিণ ইতালীয়রা মনে করেন, নিজেদের স্টাইলিশ হিসেবে তুলে ধরা তাঁদের দায়িত্ব। ত্রিনিদাদের লোকেরা মনে করেন, নিজেদের স্বাতন্ত্রবাদী হিসেবে তুলে ধরতেই হবে।
সেলফি প্রদর্শনীটি চলবে মে মাসের শেষ পর্যন্ত। শেষ দিনে থাকবে মেক্সিকোর শিল্পী রাফায়েল লজানো-হ্যামার ও পোলিশ শিল্পী সুস্তফ উদিকোর একটি ব্যতিক্রম স্থাপনাশিল্প প্রদর্শনী। এতে ব্যবহার করা হয়েছে বারোটি লুকানো ক্যামেরায় নেওয়া সেলফি। রয়টার্স।