
হারানোর বেদনায় চৌচির সেলিন ডিওন একা হয়ে পড়েছেন। গেল বৃহস্পতিবার স্বামী, দুদিন বাদে মরে গেলেন ভাই। বিখ্যাত টাইটানিক ছবির ‘মাই হার্ট উইল গো অন’ গানের এই শিল্পীকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বরং বিষাদাক্রান্ত শিল্পীর গানের তালিকায় চোখ রাখা যাক।
সেলিনের প্রোফাইল উজ্জ্বল করা গানগুলো ইউটিউবে বহুবার দেখেছে মানুষ। সেখানে ‘অ্যালোন’ নামে একটি গান পাওয়া যাবে। ‘অ্যালোন’ গানটিই দেখা হয়ে গেছে কোটি খানেকবার। কেন? পৃথিবীর মানুষ কি একাকিত্ব ভালোবাসে? এর সঠিক উত্তর পাওয়া মুশকিল। কিন্তু দেখা গেছে, দুঃখের গানগুলোই মানুষ বেশি ভালোবাসে। আর সে জন্যই কি না কে জানে, এই শিল্পী যেসব গান গেয়েছেন, সেগুলোর বেশির ভাগই দুঃখের গান।
মাত্র ১২ বছর বয়সে সেলিনের কণ্ঠ শুনে কেঁদে ফেলেছিলেন ওনে ওঝেলিল নামের কানাডীয় এক গায়ক। তারপর থেকেই শিশু সেলিনকে গায়িকা বানানোর দায়িত্ব নেন তিনি। গায়ক হিসেবে খুব বেশি খ্যাতি না পেলেও সেলিনকে খ্যাতির চূড়ায় তুলে দিতে যা যা করার দরকার ছিল, এর সবই তিনি করেছেন। এমনকি সেলিনের প্রথম অ্যালবাম প্রকাশের জন্য নিজের বাড়িটাও বন্ধক রেখেছিলেন।
তার পরের ৩০ বছরের প্রেমের গল্পটা সারা বিশ্ব জানে। দুজনের বয়সের ব্যবধান ‘মাত্র’ ২৬। এই দীর্ঘ ব্যবধানের মাঝখানে প্রেম একটা ডিঙি নৌকার মতো দুলেছে, কিন্তু ডোবেনি। সেলিনের মা কোনোভাবেই সেই প্রেম মেনে নিতে চাননি। কেননা, ওনের আগে ছিল দুজন স্ত্রী আর তিনটি সন্তান। প্রেমের প্রসঙ্গে আগে কয়টি স্ত্রী-সন্তান ছিল, সেসব ফালতু আলাপ। ফলে তাঁদের বিয়েটা কেউ ঠেকাতে পারেনি সেদিন। তারকাদের ব্যতিক্রমী প্রেমের গল্প বিরল নয়, কিন্তু সেই প্রেম টিকে যাওয়া কিন্তু একটি বিস্ময়কর ঘটনা, যেটা ঘটেছে এই জুটির বেলায়।
সেই সেলিন এখন একা হয়ে গেছেন। কালো একটা গাউন পরে কোনো এক অনুষ্ঠানের মঞ্চে ‘অ্যালোন’ গানটা গাইতে গাইতে কেঁদে ফেলেছিলেন তিনি। উপস্থিত দর্শকদের চোখও সেদিন ভিজে উঠেছিল। গান শেষে মঞ্চের এক পাশে বসে থাকা ওনে ওঝেলিল উঠে এসে আলিঙ্গন করে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সেটা ২০০৭ সালের কথা। মৃত্যুর আগ পর্যন্ত সেলিনের স্বামী ও ম্যানেজার ছিলেন এই ওনেই। তবে সেলিন এখন একা। ‘অ্যালোন’ গানটির মতো অন্ধকার হয়তো তাঁকে গ্রাস করে নেয়, হয়তো একা শুয়ে শুয়ে তিনি ঘড়ির কাঁটার টিক টিক শব্দ শোনেন। অবাক বিস্ময়ে হয়তো ভাবেন, এই রাতে তিনি এখন কোথায়! রাতটা হয়তো তাঁর কাছে দীর্ঘ হয়ে ওঠে।
ফরাসি ভাষায় গান করা সেলিনের বয়স ১৮ হলে তাঁকে ইংরেজি শেখাতে শুরু করেন ওনে ওঝেলিল। ইংরেজি গানের শ্রোতা বেশি, তাদের কাছে পৌঁছাতে হবে যে সেলিনকে! বিষণ্ন সুরে একগাদা ইংরেজি গান গেয়ে কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আজ সেলিন। কিন্তু তাঁর হৃদয়ে তো আজ শূন্যতা।
ওয়েবসাইট অবলম্বনে