সেলিব্রিটি ’৭১ ও জয়া
‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় একজন তারকার কী অবস্থা হয়েছিল, সেটাই নাটকের মূল বিষয়। এই তারকার পরিবার কিংবা আপনজন বলতে কেউ ছিল না। সবাইকে হত্যা করা হয়েছিল। আমি সেই তারকার চরিত্রে অভিনয় করেছি।’ বললেন জয়া আহসান। এক ঘণ্টার এই নাটকের নাম সেলিব্রিটি ’৭১। এটি লিখেছেন মশিউল আলম এবং পরিচালনা করেছেন হিমেল আশরাফ। স্বাধীনতা দিবসের জন্য তৈরি হয়েছে নাটকটি। নাটকটির গল্প প্রসঙ্গে মশিউল আলম জানান, ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটে হামলা চালানো হয় চলচ্চিত্রের এক নায়িকার বাসায়। হত্যা করা হয় তাঁর পরিবারের সবাইকে। সেখান থেকে পালিয়ে নায়িকা চলে যান গ্রামে। আশ্রয় নেন ফুপুর বাড়িতে। এই নায়িকা আসার খবর রটে যায় গ্রামে। সবাই ছুটে আসে তাঁকে দেখার জন্য। এদিকে এই গ্রামেও হামলা করে হানাদার বাহিনী। নায়িকাকে ধরে নিয়ে যায় তারা। ক্যাম্পে আটকে রাখা হয় তাঁকে। হানাদার বাহিনীর এক কর্মকর্তা নায়িকাকে চিনতে পারেন। তিনি তাঁকে বিয়ে করতে চান। নায়িকা রাজি হন না। তিনি পালানোর চেষ্টা করে ব্যর্থ হন। ওই ক্যাম্পে আক্রমণ চালায় মুক্তিবাহিনী। নায়িকাকে জিম্মি করে পালানোর চেষ্টা করেন ওই কর্মকর্তা।