সেলিব্রিটিং লাইফে গান করবেন অজয় চক্রবর্তী, সাবিনা ও কৌশিকী
কাল শুক্রবার সন্ধ্যায় ‘সেলিব্রিটিং লাইফ’ আয়োজনে গান করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী এবং তাঁর মেয়ে কৌশিকী দেশিকান ও সাবিনা ইয়াসমীন। ষষ্ঠবারের মতো সেলিব্রিটিং লাইফ আয়োজন করেছে দ্য ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অনুষ্ঠিত হবে মিরপুরে শহীদ সোহরাওয়ার্দি জাতীয় ইনডোর স্টেডিয়ামে, সন্ধ্যা ছয়টায়। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এবার আজীবন সম্মাননা জানানো হবে ফিরোজা বেগম, রাজ্জাক, ফেরদৌসী রহমান ও আমানুল হককে। চলচ্চিত্র, গান লেখা ও আলোকচিত্রের জন্য দেওয়া হয় সেলিব্রিটিং লাইফ পুরস্কার। এবার গান লেখার জন্য পুরস্কার পাচ্ছেন ছয়জন আর আলোকচিত্রের জন্য ১২ জন। প্রথম পুরস্কার পাওয়া গীতিকারের লেখা গানটি অনুষ্ঠানের দিন গাইবেন সাবিনা ইয়াসমীন। পুরস্কার বিতরণী শেষে ঘণ্টা দেড়েক গান করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী ও কৌশিকী দেশিকান।অনুষ্ঠানের অগ্রীম আমন্ত্রণপত্রের জন্য আগ্রহী ব্যক্তিদের যোগাযোগ করতে হবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর দ্য ডেইলি স্টার সেন্টারে।