সেলিব্রেটি ক্রিকেট লিগে শাহরুখকে চান সোহেল খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের খানদের মধ্যে ভ্রাতৃত্ববোধের অভাব আছে—এটা প্রায় সর্বজনস্বীকৃত সত্য। বিশেষ করে সালমান খান ও শাহরুখ খানের দা-কুড়াল সম্পর্কের কারণে রীতিমতো শাহরুখ আর সালমান শিবিরে বিভক্ত হয়ে আছে পুরো বলিউড। তবে সম্প্রতি অবাক করার মতোই ঘটনা ঘটালেন সালমানের ভাই এবং বলিউডের অভিনেতা ও নির্মাতা সোহেল খান। সম্প্রতি তিনি সেলিব্রেটি ক্রিকেট লিগের তৃতীয় মৌসুমে শাহরুখকে স্বাগত জানিয়েছেন। এ প্রসঙ্গে ইন্দো-এশিয়ান নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে সোহেল বলেন, ‘শাহরুখ খান সেলিব্রেটি ক্রিকেট লিগে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে খুব ভালো হয়। নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্র শিল্পের অনেক বড় একজন তারকা তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর নিজের দল আছে। আইপিএলের মতো সেলিব্রেটি ক্রিকেট লিগ বা এর কোনো দলকে তিনি যদি সমর্থন দেন, তবে অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠবে এটি।’ সোহেল আরও বলেন, ‘আগের মতো এখনো আমি তাঁকে শাহরুখ ভাই বলে সম্বোধন করি। এই সম্পর্ক কখনোই পরিবর্তিত হবে না। আমরা সবাই একই জগতের বাসিন্দা এবং একে অপরের বন্ধু। সেলিব্রেটি ক্রিকেট লিগে শাহরুখ ভাইকে স্বাগতম। তাঁর সমর্থন পেলে আমরা সবাই অনেক বেশি আনন্দিত হব।’ প্রসঙ্গত, বলিউডের পাশাপাশি বাংলা, তামিল, মালয়লাম, তেলেগুসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্র শিল্পের তারকাদের নিয়ে গঠিত দলের অংশগ্রহণে ২০১১ সাল থেকে শুরু হয়েছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। এই আসরের তৃতীয় মৌসুম শুরু হচ্ছে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। বলিউডের তারকাদের নিয়ে গঠিত মুম্বাই হিরোস দলের অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সোহেল খান। সম্প্রতি দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বাসু।