সেলিম আল দীন উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মঞ্চে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেলিম আল দীন উৎ​সব। তাতে শিশুদের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মঞ্চে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সেলিম আল দীন উৎ​সব। তাতে শিশুদের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো

বাংলাদেশ শিল্পকলা একাডেমির কাচঘেরা লবিতে টানানো চিত্রকর্ম। বিকেলের ঝাঁঝালো রোদ পড়েছে সেগুলোর ওপর। কেউ এঁকেছেন গরুর গাড়ির চাকা, কেউ কিত্তনখোলা মেলা, কেউ গ্রামের ছবি। শিল্পকর্মগুলোর নামগুলো সেলিম আল দীনের নাটকের কথা মনে করিয়ে দেয়।

বাংলাদেশজুড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা সেলিম আল দীনকে নিয়ে আঁকে ছবি। সে ছবির প্রতিযোগিতা হয় জাতীয়ভাবে। সেলিম আল দীনের জন্মবার্ষিকী অনুষ্ঠানে এটা নিয়মিত আয়োজন। গতকাল সে প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন শিল্পী হাশেম খান।

সেলিম আল দীন উৎসব পর্ষদ এ বছর ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে জ্বলে ওঠে প্রদীপ। এভাবেই সেলিমকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তিনি বললেন, ‘কিছু কিছু মানুষ জন্মায় যারা মৃত্যুর মধ্য দিয়ে জীবন্ত হয়ে ফিরে আসে। সেলিম আল দীন তাদের মধ্যে অন্যতম।’

দেওয়া হয় এ বছরের সম্মাননা পদক। সেলিম আল দীন পদক ২০১৭ পেলেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের। বিদেশে অসুস্থ থাকায় আসতে পারেননি তিনি। নিজেই পদকটি নেবেন বলে পদকটি তাঁকে দেওয়া হবে ২৩ আগস্ট উৎসবের শেষ দিন।

মীর মকসুদ-উস-সালেহীন-বজলুল করিম পদক ২০১৭ পেলেন লিয়াকত আলী। অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। তাঁর হয়ে পদক নেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতারা।

ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক ২০১৭ পেলেন তরুণ নির্দেশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী। তিনি বললেন, ‘এমন একটি সময় পদক পেলাম যখন প্রতিটি রাত আমার প্রয়াত কন্যার স্মৃতি আমাকে পথ দেখায়। এই সময়ে আপনাদের ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছে। এ পদক আমার জন্য গর্বের, আনন্দের। এটা আমার জন্য স্মারক হয়ে দাঁড়াল।’

অনুষ্ঠানের পরে মঞ্চস্থ হয় ঢাকা থিয়েটারের নাটক ধাবমান। ছিল বাংলাদেশ গ্রাম থিয়েটারের সহযোগী সংগঠন ‘ভোর হোল’-এর পরিবেশনায় নৃত্য। স্বাগত ভাষণ দেন উৎসব পর্ষদের সদস্যসচিব কামাল বায়েজীদ। সভাপতি ছিলেন আহ্বায়ক নাসির উদ্দীন ইউসুফ।