সেলিম আল দীন উৎসবের শেষদিনে ‘শেষ সংলাপ’
আজ শেষ হচ্ছে ‘সেলিম আল দীন উৎসব’। উত্সবের শেষদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘সময়’ নাট্য দলের নাটক ‘শেষ সংলাপ’।নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, ঈশিতা চাকী, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, আনোয়ার, টিপু, মাসুম, দাউদ, সানি, বিপ্লব, রিংকু, মৌসুমী, সোনিয়া প্রমুখ। মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। এটি ‘সময়’ নাট্যদলের ২৯তম প্রযোজনা। এই প্রদর্শনীর মধ্যদিয়ে উজির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নাটকটির নির্দেশক আকতারুজ্জামান। এ নাটকে উজির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। দলের জ্যেষ্ঠ সদস্য আরিফুজ্জামান সম্প্রতি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার উজির চরিত্রটি করতে হচ্ছে আকতারুজ্জামানকে। ‘শেষ সংলাপ’ নাটকের কাহিনিতে দেখা যাবে, মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তী সময়ে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনি পদ্ধতিতে অথবা অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবেন সুলতান? এই সমস্যারই এক জটিল শৈল্পিক রূপ ‘শেষ সংলাপ’। ‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সংগীত পরিকল্পনায় কমল খালিদ, পোশাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।