সেলিম আল দীন জন্মস্মরণানুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে সেলিম আল দীন ফাউন্ডেশনের আয়োজনে ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’ স্লোগানে শুরু হলো দুই দিনব্যাপী সেলিম আল দীন জন্মস্মরণানুষ্ঠান।
রোববার বিকেলে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সেলিম আল দীন ফাউন্ডেশন আয়োজিত এই স্মরণানুষ্ঠানের প্রথম দিনের শুরুতেই ‘বাংলাদেশের জাতীয় নাট্য আঙ্গিক এবং ঢাকা থিয়েটারের টেম্পেস্ট’ শীর্ষক সেমিনারের অনুষ্ঠিত হয়। বিশ্বজিৎ ঘোষের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন মাসউদ ইমরান। প্রবন্ধের ওপর আলোচনা করেন নাট্যজন আতাউর রহমান, মামুনুর রশীদ, সেলিম আল দীনের সহধর্মিণী বেগমজাদী মেহেরুন নেসা, নাসির উদ্দীন ইউসুফ, মান্নান হীরা, লাকী ইনামসহ নাট্যাঙ্গনের অনেকে।
আজ কর্মসূচির মধ্যে আছে সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাট্যকারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সন্ধ্যা সাতটায় সেলিম আল দীন পদক ১৪২১ প্রদান, সাতটা ৩০ মিনিটে ঢাকা থিয়েটারের পরিবেশনা ‘রবীন্দ্রভুবনে সেলিমের ভ্রমণ’।