
‘এই তেতো লবণাক্ত জীবনের বাঁকে বাঁকে মানুষের জন্য অপেক্ষা করে রূপান্তর। কিন্তু সে কি এতই সহজ! তার জন্য আছে অশ্রুঘামরক্তমৃত্যু দুয়ার। আছে দীর্ঘ পথ পরিক্রমা।’ কিত্তনখোলা নাটকের এই সংলাপটি লেখা সেলিম আল দীনের বিশাল প্রতিকৃতির নিচে। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার ভেতরে-বাইরে একাধিক জায়গায় দেখা গেল একই রকমের ছবি। আর ছবির নিচে ফুল। সেই ফুলের মাঝে প্রদীপ জ্বলল সন্ধ্যায়। কারও ছবিতে ফুল আর প্রদীপের উপস্থিতি থাকলে ধরে নিতে হবে যে মানুষটি নেই। সেলিম আল দীন মৃত্যুর দুয়ার পেরিয়ে পাড়ি দিয়েছেন অজানায়। এ সত্যকে মেনে নিয়ে উদ্যাপিত হলো পাঁচ দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব’। গতকাল ছিল উৎসবের শেষ দিন।
‘স্বর্ণাভ চেতনায় আঁধার বিলীন, ঐতিহ্য-আধুনিকতায় চির-অমলিন, নাট্যাচার্য সেলিম আল দীন’ স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল আয়োজিত উৎসবের শেষ দিনে নাটক মঞ্চায়ন ছাড়াও ছিল ‘নাট্যাচার্য সেলিম আল দীন পদক’ প্রদান অনুষ্ঠান। একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে সেলিম আল দীনের আজন্ম শিল্পসঙ্গী নাসির উদ্দীন ইউসুফের হাতে পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের কেন্দ্রীয় সভাপতি রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।
আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেওয়ার পর ছিল জাহিদ রিপন নির্দেশিত নাট্যচার্য সেলিম আল দীনের নাটক হরগজ-এর মঞ্চায়ন।
উৎসবের দুই দিনব্যাপী ময়মনসিংহ পর্ব-এর দ্বিতীয় দিনে গত মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীতে নাট্যকর্মী-নাট্যামোদীদের জন্য ‘সেলিম আল দীনের শিল্পদর্শন ও বাঙলা নাট্যরীতি’ শীর্ষক কর্মশালা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় সখীপুর, টাঙ্গাইলের ‘সহজিয়া’ পরিবেশন করে চর্যাগান এবং স্বপ্নদল সেলিম আল দীনের হরগজ-এর আরও একটি প্রদর্শনী হয়।