সেলিম আল দীন স্মরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যাচার্য সেলিম আল দীনের তৃতীয় প্রয়াণ দিবস আগামী ১৪ জানুয়ারি। এ উপলক্ষে বরেণ্য এ নাট্যব্যক্তিত্বকে স্মরণ করতে যৌথভাবে তিন দিনের অনুষ্ঠান (১৪-১৬ জানুয়ারি) আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। এই আয়োজনের সহযোগী হয়েছে গ্রুপ থিয়েটার ফেডারেশন, আবৃত্তি সমন্বয় পরিষদ, নাট্যদল স্বপ্নদল, দ্যাশবাংলা থিয়েটার ও গ্রাম থিয়েটারের সব শাখা।এই অনুষ্ঠানের ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ জানুয়ারি সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্মরণ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সকাল সাড়ে ১০টায় সেলিম আল দীনের সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন। বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন শিক্ষাবিদ মুস্তাফা নূরউল ইসলাম। এরপর নাট্যাচার্যকে উৎসর্গ করা সংগীত ‘পুণ্যশ্লোক হে সেলিম আল দীন’ পরিবেশন করবে স্বপ্নদল। সেলিম আল দীনের গান নিয়ে ফাহমিদা নবীর অ্যালবাম আকাশ ও সমুদ্র অপার-এর মোড়ক উন্মোচন করবেন বেগমজাদী মেহেরুন্নেসা সেলিম। সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর দুটি হলে প্রাচ্য ও ধাবমান নাটক দুটি পরিবেশন করবে ঢাকা থিয়েটার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।স্মরণানুষ্ঠানের দ্বিতীয় দিন ১৫ জানুয়ারি বেলা তিনটায় সেলিম আল দীনের নাটকের সংলাপ ও সংগীতের দ্বৈতাদ্বৈতবাদিতা বিষয়ে সেমিনার, বিকেল সাড়ে পাঁচটায় স্বপ্নদল প্রযোজিত ফেস্টুনে লেখা স্মৃতি, সন্ধ্যা সাতটায় স্বপ্নদলের পরিবেশনা হরগজ ও স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে দ্যাশবাংলা থিয়েটারের পরিবেশনা জুলান। তৃতীয় দিন সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনা কেরামত মঙ্গল।গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমীর ভারপ্রাপ্ত মহাসচিব মুশফিক আহমেদ, নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ, উপপরিচালক গোলাম সরোয়ার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়, গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঝুনা চৌধুরী, জাহিদ রিপন প্রমুখ।রমনার বটমূলে পৌষ মেলা‘ধরিত্রী বিনাশী অসুর রুধিতে, জেগে ওঠো পৌষের শিশিরবিন্দু’ স্লোগান নিয়ে আগামী শুক্রবার শুরু হচ্ছে দুই দিনের পৌষ মেলা। এবার পৌষ মেলার এক যুগ পূর্তি হচ্ছে। রমনার বটমূলে ওই দিন সকাল সাতটায় মেলার উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, নৃত্য, মহুয়াগান, পুঁথি পাঠ ও বাউল গান। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পৌষ মেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। এ সময় গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।আলী রাজ পেলেন ‘মারলিন অ্যাওয়ার্ড’পৌষের সকালের শীত উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের আগেই জাদুভক্তরা ভিড় করেছিলেন হোটেল সোনারগাঁয়ের ব্যালকনিতে। মঞ্চের দুই পাশে রাখা প্রজেক্টরে প্রদর্শিত হচ্ছিল বাংলাদেশের কৃতি জাদুকর আলী রাজের জাদুশিল্প। এসব জাদু তিনি প্রদর্শন করেছেন স্বদেশে ও বিদেশে। প্রচারিত হয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে।দর্শক যখন মুগ্ধ হয়ে এসব জাদু দেখছিলেন, তখন আলী রাজকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন জাদুকরদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ম্যাজিশিয়ান সোসাইটির (আইএমএস) সভাপতি ও প্রধান নির্বাহী টনি হাসিনি। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন হলিউড চিত্রনির্মাতা ও প্রযোজক রবিন অ্যাড গার্ডো।আন্তর্জাতিক এ সংগঠনটি প্রতিবছর একজন প্রতিভাবান জাদুকরকে জাদুর জগতে অস্কারখ্যাত মারলিন অ্যাওয়ার্ড প্রদান করে। এ বছর এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন আলী রাজ। গতকাল সকাল ১০টায় আইএমএসের পক্ষ থেকে আলী রাজের হাতে এ পুরস্কার তুলে দেন টনি হাসিনি। কুমিল্লায় রবীন্দ্র উৎসব ‘আজি হতে শতবর্ষ পরে...’ স্লোগান নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে ছয় দিনব্যাপী রবীন্দ্র উৎসব। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ওড়ানো আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ওই উৎসব শুরু হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবর্ষ উপলক্ষে এই আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে বিকেলে টাউন হল মিলনায়তনে শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বিপুল দর্শনার্থীর ভিড় জমে। এই খবর নিজস্ব প্রতিবেদক, কুমিল্লার পাঠানো।সাংসদ আ ক ম বাহাউদ্দিন সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করেন। কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. আবদুর রউফ, উৎসব উদ্যাপন পর্ষদের আহ্বায়ক আলী হোসেন চৌধুরী প্রমুখ।উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রায় দুই হাজার রবীন্দ্রভক্তকে নিয়ে কুমিল্লা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কুমিল্লা টাউন হল থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে টাউন হলের মাঠে শেষ হয়। শোভাযাত্রায় কুমিল্লা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।